মেরামতের জন্য তিন মাস সড়ক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভয় দাস লেনের জজ গলির মাঝের গর্তের ওপর বাঁশের টুকরো ফেলে রাখা হয়েছে। গতকাল বিকেলের ছবি l প্রথম আলো
অভয় দাস লেনের জজ গলির মাঝের গর্তের ওপর বাঁশের টুকরো ফেলে রাখা হয়েছে। গতকাল বিকেলের ছবি l প্রথম আলো

সড়কটি খারাপ অবস্থায় ছিল প্রায় পাঁচ বছর। স্থায়ীভাবে মেরামত না করে মাঝেমধ্যে খোয়া ফেলা হয়েছিল। গত ১৬ মার্চ মহাসমারোহে নামফলক বসিয়ে মেরামতকাজের উদ্বোধন করা হয়। বন্ধ করে দেওয়া হয় যানবাহন চলাচল। কাজ শুরু হয় এর তিন সপ্তাহ পর। উদ্বোধনের তিন মাস আট দিন পর গতকাল শুক্রবার পর্যন্ত চালু হয়নি ওই সড়ক। চলাচলে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। তাঁদের জিজ্ঞাসা, সড়কটি চালু হবে কবে?
পুরান ঢাকার অভয় দাস লেন সেন্ট্রাল উইমেন কলেজের কাছে গুরুত্বপূর্ণ এই সড়কটি ‘জজ গলি’ নামে পরিচিত। মেরামতের জন্য নির্ধারিত রাস্তার অংশ ছিল ‘ওয়ান টু নাইনটি নাইন’ শপিং সেন্টারের দক্ষিণে প্রায় ৭৫ মিটার এবং এর উত্তর দিকে জজ গলির প্রায় দেড় শ মিটার। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) একযোগে আড়াই শ সড়ক মেরামতের যে প্রকল্প হাতে নিয়েছে, জজ গলি তারই একটি।
এলাকাবাসী জানান, উদ্বোধনী নামফলক বসানোর পর ওই সড়কে যানবাহন তো বটেই, লোকজনের চলাচলও বন্ধ রাখা হয়। প্রায় এক মাস পর কাজ শুরু হলে প্রথমে নর্দমা লাইন করার জন্য বড় গর্ত করা হয়। দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় থাকে গর্তে ভরা ওই সড়ক। পরে নর্দমা নির্মাণকালে সড়কটির পূর্ব দিকের অংশে কোনো প্রতিবন্ধক খুঁটি বা ঘেরাও দেওয়া হয়নি। এরপর কেটে যায় দুই মাসেরও বেশি সময়। অবশেষে ১০ জুন গভীর রাতে রাস্তা ঢালাইয়ের কাজ শুরু করা হয়। ওয়ান টু নাইনটি নাইনের পাশে একটি বহুতল আবাসিক ভবনের সামনে রেডিমিক্স যন্ত্রবাহী যান বসানো হয়। যন্ত্রের বিকট শব্দে সারা রাত সেখানে কাজ চলে। এলাকাবাসী বলেন, সাহ্রির সময় উঠবেন বলে যাঁরা ওই দিন আগে আগে শুয়ে পড়েছিলেন, তাঁরা সারা রাত ঘুমাতে পারেননি। এলাকাবাসীর ক্ষোভ—মাসের পর মাস রাস্তা বন্ধ রেখে রমজান মাসে সারা রাত ঢালাইয়ের কাজ করা কতটা জরুরি ছিল?
গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নামফলকটির পাশেই সড়কে বড় একটি গর্ত। তার ওপর বাঁশের কিছু অংশ ফেলে রাখা হয়েছে। ওই সড়কেই রয়েছে এলাকার মসজিদ। সড়কটি গর্তে ভরা ও প্রায় অরক্ষিত হওয়ায় বেশ কিছুদিন মসজিদে ঠিকভাবে আসা-যাওয়া করতে পারেননি বলে কয়েকজন মুসল্লি জানান।
রাস্তাটির এক পাশে বাচ্চাদের ‘কথাকলি’ স্কুলও রয়েছে। স্কুলে যাতায়াতে দিনের পর দিন বিড়ম্বনার শিকার হতে হয়েছে শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকদেরও। সেখানে মনিহারি দোকান, নির্মাণসামগ্রীর দোকান এবং লন্ড্রি ও জুতার দোকানের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন একটি সড়ক বন্ধ হয়ে থাকায় তাঁদের ও ক্রেতাদের খুবই সমস্যা হচ্ছে।
যোগাযোগ করা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্থানীয় আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বোরহান উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, বিভিন্ন কারণে সড়কটির মেরামতকাজে দেরি হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ঢালাইকাজের জন্য সময়মতো রেডিমিক্স প্ল্যান্ট না পাওয়া। তবে বর্তমানে রাস্তাটি বন্ধ রাখা হয়েছে কারিগরি কারণে। আরসিসি ঢালাইয়ের পর ২১ দিন রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রাখতে হয়। সময় পূরণ হলে রাস্তাটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।