মেরামতের নামে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় মেরামতের নাম করে শুক্র ও শনিবার ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর কর্মকর্তারা জানান, সাভার বাজার ফিডার থেকে বিপিএটিসি, দুগ্ধ উৎপাদন কেন্দ্র, বাংলাদেশ বেতারের সাভার কেন্দ্রসহ সাভার পৌর এলাকার রেডিও কলোনি, জামসিং, জালেশ্বর, ছায়াবীথি, ডগরমোড়া, আড়াপাড়া, উত্তরপাড়া, বিনোদবাইদ, বখতারপুর, পোড়াবাড়ি, দিলখোসাবাগ, ওয়াপদা রোড, মালঞ্চ, বনপুকুর, বাজার রোড এবং ব্যাংক কলোনির আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। ফিডারটিতে অতিরিক্ত লোড থাকায় মাঝেমধ্যেই সমস্যা সৃষ্টি হয়। এ কারণে লোড কমাতে গত শুক্রবার টানা সাত ঘণ্টা ফিডারটি বন্ধ রেখে লাইনে সংস্কারকাজ করা হয়। এর আগে লাইন মেরামতের জন্য ১৭ জুন সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত টানা ১৩ ঘণ্টা বন্ধ রাখা হয় ফিডারটি। এ ছাড়া ছোটখাটো মেরামতের জন্য বন্ধের দিনে ফিডার বন্ধ রেখে কাজ করা হয়।
সাভারের ব্যবসায়ী ও নাগরিকেরা বলেন, চার মাস ধরে নানা অজুহাতে প্রায় প্রতি শুক্র ও শনিবার দিনভর বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে। গত বৃহস্পতিবার মাইকে ঘোষণা দিয়ে শুক্রবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রাখার কথা জানানো হয়। পরে চাপের মুখে দুই ঘণ্টা আগে শুক্রবার বেলা তিনটায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।
সাভার বাজার রোডের বেস্ট ইলেকট্রনিকসের শাখা ব্যবস্থাপক রাকিব হাসান বলেন, সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাজার ভালো থাকে। সপ্তাহের এ দুই দিন অন্যান্য দিনের তুলনায় কয়েক গুণ বেশি বিক্রি হয়। কিন্তু কয়েক মাস ধরে এই দুই দিনই মেরামতের নামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় বিক্রি অনেক কমে গেছে।
শুক্র ও শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আখতারুজ্জামান লস্কর বলেন, অতিরিক্ত লোডের কারণে মাঝেমধ্যেই বিদ্যুৎ লাইনে নানা সমস্যা দেখা দেয়। এ কারণে প্রায় শুক্র ও শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে মেরামত ও সংস্কারকাজ করা হয়।