মেরামতের নামে বাউফল থেকে লঞ্চ চলাচল বন্ধ
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া লঞ্চঘাট থেকে ১২ দিন ধরে ঢাকাগামী ও ঢাকা থেকে বাউফলগামী লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকেরা। এতে বাউফল ও দশমিনা উপজেলার সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় লোকজন জানান, ২০-২৫ বছর ধরে কালাইয়া-ঢাকা রুটে এমভি মশিরন খান ও এমভি স্বর্ণদ্বীপ প্লাস নামের নিয়মিতভাবে দুটি ডাবল ডেকারের লঞ্চ চলাচল করছে। কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা না করেই দুটি লঞ্চের মালিকপক্ষ ৬ জুলাই থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। এ জন্য তারা ঘোষণাও দেয়নি।
লঞ্চ দুটির দায়িত্বশীল দুই ব্যক্তি জানান, কিছু সমস্যা থাকায় মেরামত করা হচ্ছে। এ জন্য বিকল্প ব্যবস্থা না করেই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
লঞ্চ চলাচল বন্ধ রাখার বিষয়টি জানা নেই বলে দাবি করেছেন পটুয়াখালী নদী বন্দরের সহকারী পরিচালক এস এম বদরুল আলম। তিনি বলেন, বিকল্প ব্যবস্থা না করে লঞ্চ চলাচল বন্ধ রাখা ঠিক হয়নি। শিগগির লঞ্চ চলাচলের ব্যবস্থা করা হবে।