মেরামতের পরপরই উঠে যাচ্ছে সড়কের পাথর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের রেলগেট এলাকার পূর্ব দিকে থেকে নবাবগঞ্জ সেতু পর্যন্ত সড়কটি চার দিন আগে মেরামত করা হয়। এর মধ্যেই মেরামত করা অংশের পুরোটা থেকেই ছোট ছোট পাথর উঠে আসছে।
জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, সড়ক রক্ষণাবেক্ষণের আওতায় আক্কেলপুর উপজেলা সদরের ১৩০০ মিটার সড়কে সিলকোট করার জন্য ১৭ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। জয়পুরহাটের মেসার্স খালেকুজ্জামান ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ২৮ মার্চ ওই মেরামতকাজ শুরু হয়। ওই দিন সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত সড়কের মেরামতের কাজ চলে। এক দিনের মধ্যেই সব কাজ শেষ করে ফেলা হয়। কিন্তু পরদিন থেকেই সড়কের পাথর উঠে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, সড়কে সাত মিলিমিটার উচ্চতার সিলকোট করার কথা থাকলেও তা করা হয়নি। এ ছাড়া বিটুমিনও কম দেওয়া হয়েছে। তাঁরা বিষয়টি শনিবার সওজের নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছেন।
রিকশাচালক মনছুর রহমান বলেন, বর্ষা মৌসুম শুরু হলে পুরো সড়কই নষ্ট হয়ে যাবে।
কলেজ বাজার এলাকার ব্যবসায়ী গোলাম মোস্তফা বলেন, সড়ক মেরামতের কাজে বিটুমিন কম দেওয়ার কারণে পরদিন থেকেই সড়কের ছোট ছোট পাথর উঠে যাচ্ছে। পৌর মেয়র আলমগীর চৌধুরী বলেন, নিম্নমানের কাজ করার কারণে সড়কের ছোট ছোট পাথর উঠে যাচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
সওজের নির্বাহী প্রকৌশলী বুলবুল হোসেন বলেন, আরও কিছুদিন দেখার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।