
চলতি মাসের শুরুতে মগবাজার-মৌচাক সড়ক মেরামত করে পিচ ঢালা হয়েছিল। এতে উড়ালসড়ক নির্মাণকাজের কারণে নিচের সড়কে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, তার কিছুটা অবসান হয়। কিন্তু তিন দিন আগে সেই রাস্তা আবার খোঁড়াখুঁড়ি করে ভাঙা অংশ রাস্তার ওপরই ফেলে রাখা হয়েছে। হলি ফ্যামিলি হাসপাতালের পাশের রাস্তায়ও এই খোঁড়াখুঁড়ি করা হচ্ছে। এসব স্থানে ভূগর্ভস্থ বৈদ্যুতিক কেব্ল সংস্কারের জন্য খোঁড়াখুঁড়ি হচ্ছে।
এলাকার দুপাশের দোকানি ও পথচারীরা এই খোঁড়াখুঁড়িতে ভীষণ বিরক্ত। সবারই বক্তব্য, মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভার বা উড়ালসড়কের কারণে বারবার নিচের রাস্তাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।
তবে মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভার বা উড়ালসড়কের (ডব্লিউ ৫ ও ৬) ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের পক্ষ থেকে বলা হয়েছে, উড়ালসড়কের জন্য এখন কোথাও খোঁড়াখুঁড়ি হচ্ছে না।
গত শনিবার বেলা আড়াইটার দিকে সেখানে গিয়ে দেখা যায়, হলি ফ্যামিলি হাসপাতালের পূর্ব দিকে উড়ালসড়কের প্রবেশপথের ঠিক পাশেই পিচঢালা পথ খুঁড়ে ফেলা হয়েছে। হলুদ রঙের একটি ছোট সাইনবোর্ডে লেখা—‘ভূ-গর্ভস্থ ১৩২ কেভি লাইনের ক্যাবল সংক্রান্ত কাজ চলছে’।
রাস্তার খুঁড়ে ফেলা পিচ ও ইটের ভাঙা অংশগুলো স্তূপ করে রাখা রাস্তারই অংশে। আনুদীপ সিএনজি স্টেশনের কারণে সেখানে গাড়ির সারি থাকে। কিন্তু ওই সময়ে পুরো রাস্তাই যানজটে অবরুদ্ধ হয়ে ছিল। স্থানীয় নাহার ফার্মেসি থেকে ওষুধ কিনতে এসেছিলেন হলি ফ্যামিলি হাসপাতালের এক রোগীর প্রতিনিধি নিজামউদ্দিন। ওষুধ কেনার পরও যানবাহন এগিয়ে তিনি হাসপাতালে ফিরে যেতে পারছিলেন না। ক্ষোভ জানিয়ে বলেন, গুরুত্বপূর্ণ রাস্তায় এ ধরনের খোঁড়াখুঁড়ি করে রাস্তার ওপরই ভাঙা অংশ রাখা হবে কেন? যারা ভাঙছে, তারা কি এগুলো সরিয়ে নিতে পারে না?
যানজটে অতিষ্ঠ হয়ে স্থানীয় ব্যাংক এশিয়ার সামনের খালি জায়গায় দাঁড়িয়েছিলেন নাখালপাড়া এলাকার বাসিন্দা আবদুর রকিব। তিনি বলেন, ফ্লাইওভার নির্মাণের কারণে প্রায় চার বছর কষ্ট করছেন। এখন আবার খোঁড়াখুঁড়ি, সাধারণ মানুষের ভোগান্তি হয়তো চলতেই থাকবে।
মৌচাক থেকে মগবাজার যাওয়ার পথে রাস্তার অংশে এমনিতেই পড়ে থাকে ভারী স্ল্যাব, ব্লকসহ উড়ালসড়কের নির্মাণসামগ্রী। এখন নতুন করে খোঁড়ার কারণে চলাচলের রাস্তা আরও সরু হয়ে গেছে। কোথাও কোথাও স্তূপাকার মাটি।
ফুটপাত বলতে কিছুই নেই। তারপরও রাস্তার ধার ধরে মগবাজারের দিকে যাচ্ছিলেন সিদ্ধেশ্বরীর বাসিন্দা বেসরকারি একটি সংস্থার কর্মচারী মোখলেস আহমেদ। বললেন, রিকশাওয়ালারা এই পথে যেতে চান না। যদিও রাজি হন, সঙ্গে অস্বাভাবিক ভাড়া হাঁকেন। উড়ালসড়ক নির্মাণের কারণে বাসে যাওয়া-আসাও বন্ধ করে দিয়েছেন অনেক আগেই। রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে এখন হাঁটতেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
ঘটনাস্থলে কথা হয় মধুবাগের বাসিন্দা সুলতান আহমেদ, মগবাজার আদ্দীন হাসপাতালের গলির বাসিন্দা রবিউল ইসলাম, হামিদুর রহমানসহ অন্তত ১০ জন লোকের সঙ্গে। সবারই বক্তব্য হচ্ছে, উড়ালসড়কের পাশাপাশি নিচের রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলও সুবিধাজনক ও সহজ করতে হবে। কিন্তু সেদিকে কারও লক্ষ নেই। দেখা গেল, মগবাজার থেকে মৌচাক পর্যন্ত সড়কের বেশির ভাগ অংশে ময়লা পানিও ছড়িয়ে আছে।
যোগাযোগ করা হলে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান গতকাল রোববার বলেন, বর্তমানে উড়ালসড়কের কারণে কোনো পাইলিং বা রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ চলছে না। আর চলবেও না। অথচ যা কিছু হচ্ছে, উড়ালসড়কের নির্মাণের কারণেই হচ্ছে বলে সবাই মনে করেন।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগ থেকে জানানো হয়, ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডিপিডিসি) ১৩২ কেভি লাইনের জরুরি কাজের জন্য খোঁড়াখুঁড়ির অনুমতি দেওয়া হয়েছে। ডিপিডিসিও বলেছে, যত দ্রুত সম্ভব কাজ শেষ করে নেবে। পিচের ভাঙা অংশ অগোছালোভাবে রাখার জন্য ঠিকাদারকে বলা আছে।