মেরি অ্যান্ডারসনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গায় ভাসমান রেস্তোরাঁ ‘মেরি এন্ডারসন’ আগুন লেগে পুড়ে যায় l প্রথম আলো
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গায় ভাসমান রেস্তোরাঁ ‘মেরি এন্ডারসন’ আগুন লেগে পুড়ে যায় l প্রথম আলো

নারায়ণগঞ্জের সদর উপজেলার পাগলা এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে ভাসমান রেস্তোরাঁ মেরি অ্যান্ডারসনে আগুন লাগার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে পুড়ে যাওয়া ভাসমান রেস্তোরাঁ মেরি অ্যান্ডারসন পরিদর্শনে গিয়ে বাংলাদেশ পযর্টন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী তদন্ত কমিটি গঠনের বিষয়টি সাংবাদিকদের জানান।

এদিকে আগুন লাগার ঘটনাকে ‘নাশকতা’ বলে দাবি করেছেন রেস্তোরাঁটি পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি প্রতিষ্ঠান হক ট্রেডার্সের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন। এ ছাড়া কয়েকজন প্রত্যক্ষদর্শী ও দর্শনার্থী একই ধরনের দাবি করেছেন। তাঁদের ভাষ্য, কেউ আগুন না লাগালে শত বছরের পুরোনো এ জাহাজটি পুরোপুরি পুড়ে যেত না।

সরেজমিন রেস্তোরাঁ ঘুরে দেখা যায়, আগুনে দ্বিতল মেরি অ্যান্ডারসনের স্টিলের ছাদ ধসে নিচতলার সঙ্গে মিশে গেছে। বেলা তিনটা পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা গেছে। জাহাজটির ডেকের নিরাপত্তা বেষ্টনীও গলে গেছে। জাহাজের ভেতরে থাকা আসবাবসহ বিভিন্ন মালামাল ভস্মীভূত হয়েছে। পাশে থাকা বাংলাদেশ পযর্টন করপোরেশনের আরেকটি প্রমোদতরি ‘এমভি শালুক’ও আগুনে পুড়ে গেছে। এ ছাড়া পর্যন্ত করপোরেশনের একটিসহ মোট তিনটি স্পিড বোট পুড়ে গেছে।

আগুনের খবর শুনে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা পুড়ে যাওয়া মেরি অ্যান্ডারসন দেখতে ছুটে এসেছেন। এ সময় অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। শত বছরের পুরোনো এই জাহাজ মেরামত ও ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

ফতুল্লার আলীগঞ্জ এলাকার বাসিন্দা মো. জুয়েল জানান, তিনি প্রতিদিনই ভ্রমণের জন্য এখানে আসেন। আগুন লাগার সময় তিনি জাহাজ থেকে ১৫-২০ গজ দূরে ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তিনি জাহাজে ছুটে আসেন। দেখতে পান, জাহাজের নিচের তলায় ডেকে আগুন লাগে। আগুন নেভানোর যন্ত্র দিয়ে নেভানোর চেষ্টাকালে আরও দুটি জায়গায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায় জাহাজটি। তিনি সহায়তা করে জাহাজের স্টাফদের বের করেন। আগুন লাগার বিষয়টি নাশকতা বলে দাবি করেছেন তিনি। একই অভিযোগ করেন ঘটনার প্রত্যক্ষদর্শী শাহাদাৎ হোসেন ও আবুল খায়ের।

মেরি অ্যান্ডারসন ভাসমান রেস্তোরাঁ অ্যান্ড বার-এর দায়িত্বে থাকা বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম জানান, ব্রিটিশ আমলে ১৯১৮ সালে জাহাজটি নির্মাণ করা হয়। এই জাহাজে তৎকালীন লর্ড, বিশিষ্ট নাগরিকেরা নদীতে প্রমোদ ভ্রমণ করতেন। পাকিস্তান আমলে ব্রিটিশ রানি এলিজাবেথ তৎকালীন পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) সফরে এলে এ জাহাজে চড়ে তিনি ভ্রমণ করেছিলেন। ১৯৭৮ সালের আগ পর্যন্ত জাহাজটি বিআইডব্লিউটিএর অধীনে ছিল। এরপর থেকে জাহাজটি পর্যটন করপোরেশনের অধীনে দেশের একমাত্র ভাসমান রেস্তোরাঁ হিসেবে ব্যবহৃত হতে থাকে। ২০০৪ সাল পর্যন্ত পর্যটন করপোরেশন সরাসরি এটি পরিচালনা করে। ২০০৫ সালের পর থেকে পযর্টন করপোরেশন রেস্তোরাঁটি বেসরকারি পরিচালনায় ১৫ বছরের জন্য বার্ষিক ২৩ লাখ টাকায় ইজারা দেয়। তিনি জানান, আগুনে জাহাজটি পুড়ে যাওয়ায় কমপক্ষে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জাহাজটি মেরামত করতে কমপক্ষে পাঁচ থেকে সাত কোটি টাকা খরচ হবে।

এদিকে আজ দুপুরে পুড়ে যাওয়া জাহাজ পরিদর্শনে এসে বাংলাদেশ পযর্টন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী বলেন, আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ ছাড়া জাহাজটিতে জ্বালানি গ্যাসের পাইপলাইন ও জেনারেটর জ্বালানি তেল ছাড়া প্রচুর দাহ্য পদার্থ ছিল। এই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মেরি অ্যান্ডারসনে আগুন লাগার ঘটনায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একটি জিডি করেছেন হক ট্রেডার্সের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন। অন্যটি করেছেন পযর্টন করপোরেশনের ইউনিট ম্যানেজার নজরুল ইসলাম। কোনো জিডিতেই অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। পুলিশ জিডির অভিযোগ তদন্ত করছে।