মেরিডিয়ানের গুদাম থেকে মেয়াদ উত্তীর্ণ খাবার উদ্ধার
নগরের দামপাড়া এলাকায় খাদ্যদ্রব্য বিপণনকারী প্রতিষ্ঠান মেরিডিয়ানের গুদাম থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ খাবার উদ্ধার করেছে পুলিশ। গত রোববার মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এসব ভেজাল খাবার উদ্ধার করে। পরে নির্বাহী হাকিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মেরিডিয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে পুলিশ মেরিডিয়ানের গুদামে অভিযান চালায়। এ সময়ে গুদাম থেকে মেয়াদ উত্তীর্ণ ও খাবার অনুপযোগী ফলের রস, চিপস, খেজুর প্রভৃতি উদ্ধার করা হয়। এসব খাবারের মধ্যে রয়েছে কোয়ালিম্যাক্স অরেঞ্জ ড্রিংক্স (২৫০ গ্রাম) ৪৫ হাজার ৭৬০ প্যাকেট, কোয়ালিম্যাক্স অরেঞ্জ ড্রিংক্স (৫০০ গ্রাম) তিন হাজার ৪৪০ প্যাকেট, মেরিডিয়ান পটেটো ক্রেকার্স, স্পাইসি টমেটো ফ্লেভার, রিয়াল থাই চিকেন চিপস, চিকেন বিবিআর চিপস আট হাজার প্যাকেট, খেজুর (৫০০ গ্রাম) ৩৮৪ প্যাকেট, মেরিডিয়ান ফ্রেস চিকেন স্টিকস ২৫ প্যাকেট ও জুকার অরিজিন্যাল পটেটো চিপস (৭৫ গ্রাম) এক হাজার ক্যান। এগুলোর আনুমানিক মূল্য ৩৫ লাখ ৯৮ হাজার টাকা। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. গোলাম মোস্তফা এসে মেয়াদ উত্তীর্ণ খাবার মেরিডিয়ান কোম্পানি চত্বরে ধ্বংস করেন। তিনি মেয়াদ উত্তীর্ণ ও খাওয়ার অনুপযোগী খাদ্যদ্রব্য গুদামে মজুদ করার অভিযোগে মেরিডিয়ানকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন।পুলিশের সহকারী কমিশনার এ কে এম এমরান ভূঞা প্রথম আলোকে বলেন, ‘গুদামের ভেতরে বিপুল পরিমাণ জুস, জুস পাউডার, তিন রকমের মেয়াদ উত্তীর্ণ চিপস পাওয়া যায়। ধারণা করা হয়, এগুলো রমজানের সময় বিক্রির জন্য মজুদ রাখা হয়। পরে বিক্রি না হওয়ায় এগুলোর মোড়কের গায়ের তারিখ পাল্টে আবারও বিক্রির জন্য তৈরি করা হচ্ছিল।’