মেরিন ইনস্টিটিউটের ছাত্রের ফাঁস লাগানো লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় বাংলাদেশ মেরিন ইনস্টিটিউটের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রের নাম রাজু আহমেদ (২২)। গতকাল বুধবার দুপুরে সোনাকান্দা কড়ইতলা এলাকার সাইদুর রহমানের বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাজু সিরাজগঞ্জ সদরের ঝামুড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সাইদুর রহমানের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে তিনি ও তাঁর দুই বন্ধু সৈকত ও লিটন সেখানে থাকতেন। সৈকত ও লিটন জানান, স্থানীয় একটি মেয়ের সঙ্গে রাজুর প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। এর পর থেকে রাজু মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গতকাল সকাল ১০টার দিকে সৈকত ও লিটন নাশতা খেতে রুম থেকে বের হয়ে যান। ফিরে এসে সিলিং ফ্যানে ফাঁস লাগানো অবস্থায় রাজুকে দেখতে পান। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, রাজু আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।