মেরিন একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মসংস্থান সৃষ্টি এবং নৌ খাতে অনিয়ম-দুর্নীতি বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছেন মেরিন একাডেমির প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল বুধবার চট্টগ্রামের আগ্রাবাদে সরকারি কার্যভবন-১ এর সামনে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
‘এক্স ক্যাডেট অব বাংলাদেশ মেরিন একাডেমি’র ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রাক্তন শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে নৌ খাতে নানা অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরেন তাঁরা। এ সময় তাঁরা ‘মেরিন একাডেমির ক্যাডেট সংখ্যা কমানো, মেরিনারদের চাহিদা নিয়ে আষাঢ়ে গল্প প্রচার বন্ধ করা, ভিসা সমস্যা দূর করা ইত্যাদি বিষয়ে প্ল্যাকার্ড নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, সরকারি-বেসরকারি মেরিন একাডেমি থেকে বর্তমানে বছরে এক হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি হচ্ছেন। কিন্তু সে অনুযায়ী দেশি-বিদেশি জাহাজে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। ফলে বর্তমানে অন্তত ৬০০ ক্যাডেট দেশি-বিদেশি জাহাজে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন না। অথচ জাহাজে ১২ মাসের প্রশিক্ষণের সুযোগ না পেলে এসব ক্যাডেট কর্মজীবনই শুরু করতে পারবেন না। বেসরকারি একাডেমিগুলো চাকরির নিশ্চয়তা দিয়ে শিক্ষার্থী ভর্তি করালেও দু-একটি ছাড়া অন্যগুলো শিক্ষার্থীদের জাহাজে প্রশিক্ষণের সুযোগ করে দিতে পারেনি। এসব বেসরকারি একাডেমি দুই বছরের কোর্সের জন্য ১২ থেকে ২০ লাখ টাকা নিচ্ছে প্রতি শিক্ষার্থী থেকে।
শিক্ষার্থীরা বলেন, নানা অনিয়ম-দুর্নীতির কারণে নৌ খাতে কর্মসংস্থান সৃষ্টিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। জাহাজে লোক নিয়োগকারী কয়েকটি সংস্থা জাল সনদধারী নাবিক নিয়োগ দিচ্ছে। এসব সনদ জাল হিসেবে প্রমাণিত হওয়ার পর ওই সব বিদেশি কোম্পানি বাংলাদেশি নাবিক নিয়োগে অনীহা প্রকাশ করছে। ভিসা জটিলতার কারণে বিশ্বের অনেক কোম্পানিতেই বাংলাদেশি নাবিকেরা নিয়োগ পাচ্ছেন না।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন মেরিন একাডেমির প্রাক্তন শিক্ষার্থী সাইফুল ইসলাম, কামরুল হাসান, ইমরান জাহিদ প্রমুখ। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন সমুদ্রগামী জাহাজ পরিচালনায় অভিজ্ঞ ক্যাপ্টেন আনাম চৌধুরী।
মানববন্ধন শেষে চট্টগ্রাম সফররত নৌমন্ত্রী শাজাহান খানের কাছে দাবিদাওয়া পেশ করেন প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় মন্ত্রী এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন তাঁদের।