মেরিন একাডেমির ৪৮তম ব্যাচের শিক্ষা সমাপনী
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পাকিস্তান আজও আমাদের স্বাধীনতা নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল শনিবার সকালে বাংলাদেশ মেরিন একাডেমির ৪৮তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত একাডেমির প্যারেড মাঠে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন।
এই ব্যাচের নটিক্যাল শাখায় ১৫০ জন এবং প্রকৌশল শাখায় ১৫৪ জন ক্যাডেট তাঁদের দুই বছরের শিক্ষা ও রেজিমেন্টাল প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। এর মধ্যে প্রথমবারের মতো ১৬ নারী ক্যাডেট ছিলেন।
বিশেষ কৃতিত্বের জন্য দুই নারী ক্যাডেটসহ ছয়জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে সব বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য মো. মোহাইমিনুল ইসলাম রাষ্ট্রপতির স্বর্ণপদক লাভ করেন। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর পাকিস্তান সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপন করে ঔদ্ধত্য প্রকাশ করেছে। তারা আমাদের মুক্তিযুদ্ধের কথা ভুলে যেতে বলেছেন। কিন্তু যারা আমাদের স্বজনদের হত্যা করেছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, তাদের আমরা কীভাবে ক্ষমা করব?’