মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার কিছু আজ উচ্ছেদ করা হয়। ছবি: প্রথম আলো
টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার কিছু আজ উচ্ছেদ করা হয়। ছবি: প্রথম আলো

কক্সবাজারের সাগর উপকূলে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। সড়কের দু’পাশে প্রায় সাত শতাধিক অবৈধ স্থাপনা। এর মধ্যে রয়েছে ঝুপড়ি ঘর, সেমিপাকা ভবন, টিনশেড বাড়ি ও দোকানপাট।

আজ শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন টেকনাফ উপজেলার ভেতর বাহারছড়ার মনখালী সেতু থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান শুরু করে। আজ দিন শেষে বাহারছড়ার বড় ডেইল এলাকার স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জাহিদ হোসেন ছিদ্দিক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ।

ইউএনও জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, মেরিন ড্রাইভ সড়কের দু’পাশে অবৈধ দখল সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। অভিযানে সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব-৭ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এক সপ্তাহ আগে স্ব স্ব এলাকা থেকে নিজ উদ্যোগে সড়কের দুপাশের স্থাপনাগুলো সরিয়ে নিতে মাইকিং করা হয়েছিল। কিন্তু দখলদারেরা না শুনায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার কিছু আজ উচ্ছেদ করা হয়। ছবি: প্রথম আলো
টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার কিছু আজ উচ্ছেদ করা হয়। ছবি: প্রথম আলো

জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ অভিযান সাবরাং অর্থনৈতিক অঞ্চলে গিয়ে শেষ হবে। কেউ আবার স্থাপনা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।