মেরিন ড্রাইভ সড়কের ১২ জায়গায় ভাঙন
সম্প্রতি সামুদ্রিক জোয়ার অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় ঝুঁকির মুখে পড়েছে কক্সবাজার সমুদ্রসৈকতের পাশ ঘেঁষে তৈরি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক। গত কয়েক দিনে হিমছড়ি এলাকায় সড়কের প্রায় দুই কিলোমিটার অংশে কমপক্ষে ১২ জায়গায় ভাঙন শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, সড়কের হিমছড়ি, বড়ছড়া, কলাতলী, হ্যাচারি জোন, ইনানী, তিনডেইঙ্গা, ওয়াঝর্না পয়েন্ট, বাট্টু মিয়ার খামার ও সোনারপাড়াসহ ১২টি জায়গায় ভাঙন শুরু হয়েছে। সামুদ্রিক ঢেউয়ের আঘাতে সড়কের বাইরে সৈকতে সৃজিত বিশাল ঝাউবাগানের হাজার হাজার গাছ উপড়ে পড়েছে। বাট্টু মিয়ার খামার এলাকায় দুটি মৎস্য প্রকল্প, পাঁচ শতাধিক নারকেল ও কয়েক হাজার ঝাউগাছ সাগরগর্ভে বিলীন হয়ে গেছে। সেনাবাহিনীর সদস্যরা সিসি ব্লক ও বালুভর্তি জিও টেক্স ফেলে ভাঙন রোধের চেষ্টা করছেন।শুরু থেকেই সড়কটির নির্মাণকাজ করছে সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি)। ১৭ ইসিবির কর্মকর্তা ক্যাপ্টেন মো. তওহিদ জানান, তীব্র জোয়ার ও ঢেউয়ে দুই কিলোমিটার সড়কে ১০-১২টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। সিসি ব্লক ও বালুভর্তি আধুনিক প্রযুক্তির জিও টেক্স ফেলে সড়ক রক্ষার চেষ্টা চলছে। কক্সবাজার বন বিভাগের বিট কর্মকর্তা রাশেদ ইবনে সিরাজ জানান, শহরের নাজিরারটেক থেকে হিমছড়ি পর্যন্ত ১৮ কিলোমিটারজুড়ে ঝাউবাগানের কয়েক হাজার গাছ উপড়ে পড়েছে। জোয়ারের তীব্রতা বাড়লে আরও গাছ বিলীন হতে পারে।হিমছড়ির বাসিন্দা মকবুল আহমদ (৮১) বলেন, ‘গত ৫০-৬০ বছরেও সাগরের এমন আগ্রাসী রূপ দেখিনি। এতে মেরিন ড্রাইভ সড়কসহ কয়েকটি গ্রাম বিলীন হচ্ছে।’স্থানীয় সাংসদ (কক্সবাজার সদর-রামু) লুৎফুর রহমান কাজল জানান, এই সড়কটি কেন্দ্র করে ইতিমধ্যে হাজার কোটি টাকা বিনিয়োগ করে কলাতলী, সোনারপাড়া, ইনানী, টেকনাফ সমুদ্র উপকূলে ৫৬টি হ্যাচারি স্থাপিত হয়েছে। এই সড়ক দিয়ে উৎপাদিত পোনা সারা দেশে সরবরাহ করা হয়। এখন এই সড়ক ভেঙে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন হ্যাচারির মালিকেরা।কক্সবাজার আবহাওয়া অফিস সূত্র জানায়, নিম্নচাপের কারণে দেওয়া তিন নম্বর সতর্কতা সংকেত গতকাল সকালে তা প্রত্যাহার করা নেওয়া হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট মেঘমালার প্রভাবে আজ (বৃহস্পতিবার) দুপুর পর্যন্ত সাগর উত্তাল থাকতে পারে। এরপর হয়তো সাগরে জোয়ার ও ঢেউ কমতে পারে।মিয়ানমারের সঙ্গে সম্পর্ক সুদৃঢ়, পর্যটনশিল্পের বিকাশ, পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত দেখার সুযোগ বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদ আহরণ ও পরিবহন এবং বিকল্প সড়ক হিসেবে ব্যবহারের লক্ষ্যে এই মেরিন ড্রাইভ সড়কটি তৈরি করা হচ্ছে। ১৯৯২-৯৩ অর্থবছরে প্রকল্পের কাজ শুরু হয়। এ পর্যন্ত কক্সবাজার শহর থেকে উখিয়ার ইনানী পর্যন্ত ৮৪ কিলোমিটারের নির্মাণ শেষ হয়েছে। এখন ইনানী থেকে টেকনাফের শিলখালী পর্যন্ত ২৪ কিলোমিটারের কাজ চলছে। ২০০১ সালে সাগরের করালগ্রাসে শহরের কলাতলী অংশে মেরিন ড্রাইভ সড়কের প্রায় দুই কিলোমিটার অংশ ভেঙে যায়। এতে ওই সময় তিনটি হ্যাচারি, মসজিদ ও মাদরাসাসহ কয়েক শ বসতবাড়ি সাগরগর্ভে বিলীন হয়।