মেরিন ফিশারিজ ক্যাডেটদের সিডিসি দেওয়ার দাবি
মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটদের সিডিসি (ধারাবাহিক নিষ্কৃতি সনদ) দেওয়ার দাবি জানিয়েছেন একাডেমির সাবেক ক্যাডেটরা। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
‘মেরিন ফিশারিজ একাডেমি এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচি চলার সময় লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি আলমগীর কামাল।
সিডিসি বা ধারাবাহিক নিষ্কৃতি সনদ হলো জাহাজে চাকরির জন্য আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সনদ। এটি নাবিকদের শনাক্তকারী দলিল। এতে নাবিকদের জাতীয়তা ও চাকরির তথ্য সংরক্ষিত থাকে। বিদেশগামী জাহাজে চাকরির জন্য নাবিকদের সিডিসি থাকতে হয়। সম্প্রতি মেরিন একাডেমির ক্যাডেটরা চট্টগ্রামে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটদের সিডিসি না দেওয়ার দাবি জানায়। পাঠ্যসূচি ভিন্ন হওয়ার কারণে ফিশারিজ একাডেমির ক্যাডেটদের সিডিসি দেওয়া হলে এই খাত ধ্বংসের মুখে পড়বে বলেও দাবি করেন তাঁরা।
গতকাল মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটদের মানববন্ধনে বক্তারা বলেন, মেরিন একাডেমিতে দুই বছরের কোর্স করার পর ক্যাডেটদের সিডিসি দেওয়া হয়। অন্যদিকে, ফিশারিজ একাডেমিতে ৩৩ মাসের কোর্স শেষ করার পরও ক্যাডেটদের সিডিসি দেয় না। সিডিসি না থাকায় দেশের বাইরে মাছ ধরার জাহাজ বা সমুদ্রগামী জাহাজে চাকরির সুযোগ পাচ্ছেন না ফিশারিজ একাডেমির ক্যাডেটরা। ২০১৪ সালে দক্ষিণ কোরিয়া থেকে ফিশারিজ একাডেমির সাবেক ক্যাডেটদের নিয়োগের জন্য প্রস্তাব পাঠানো হলেও সিডিসি না থাকায় এ সুযোগ হারাতে হয়েছে।
সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে ফিশারিজ একাডেমির ক্যাডেটদের সিডিসি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে মানববন্ধনে বলা হয়, দুটি একাডেমির পাঠ্যসূচি প্রায় একই। বরং ফিশারিজ একাডেমিতে আরও বাড়তি বিষয় পড়তে হয়। মেরিন একাডেমিতে ২৪ মাসের তত্ত্বীয় কোর্স করতে হয়। ফিশারিজ একাডেমিতে ৩৩ মাসের তত্ত্বীয় কোর্স করতে হয়।
ক্যাডেটরা বলেন, ফিশারিজ একাডেমির মাত্র দুটি ব্যাচের ক্যাডেটদের এই সিডিসি দেওয়া হয়েছিল। এরপর তা বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি ফিশারিজ একাডেমির ক্যাডেটদের সিডিসি দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।