মেরুদণ্ডের ব্যথায় তারেক সাঈদ হাসপাতালে
নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি ও চাকরিচ্যুত র্যাবের অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ মেরুদণ্ডের ব্যথায় এখন হাসপাতালে। আজ রোববার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক মোজাম্মেল হকের বরাত দিয়ে ইউএনবির খবরে এ কথা বলা হয়েছে।
মোজাম্মেল হক বলেন, মেরুদণ্ডে ব্যথা অনুভব করায় আজ বেলা দেড়টার দিকে তারেক সাঈদকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তিনি এখন নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক অসিত চন্দ্র সরকারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
২০১৪ সালের এপ্রিলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে একসঙ্গে অপহরণ করে হত্যা করা হয়। পরে তদন্তে এই হত্যার সঙ্গে র্যাব-১১ এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদসহ র্যাবের তিন কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে। পরে সেনাবাহিনী থেকে ওই তিনজনকেই চাকরিচ্যুত করা হয়।