মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রাজদিয়া গ্রামের ফাতেমা বেগম ৯ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরো সার্জারি বিভাগে ভর্তি হয়েছিলেন। মেরুরজ্জু ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি দাঁড়াতে পারেন না, ডান হাত একেবারে নাড়াতে পারেন না, দুই পা ও বাঁ হাত সামান্য নাড়াতে পারেন। তাঁর সমস্ত শরীরে ব্যথা।
গতকাল সোমবার বিএসএমএমইউতে গিয়ে দেখা যায়, ফাতেমা বেগমের ট্র্যাকশন চলছে। রোগীর আত্মীয় কামরুল হাসান প্রথম আলোকে বলেন, মাস তিনেক আগে একদিন দুপুরে বাড়ি ফেরার পথে ফাতেমা বেগমের ওড়না পেঁচিয়ে যায় ইজিবাইকের শিকলে। ওড়নার আচমকা টানে ঘাড়ে ব্যথা লাগে। প্রথমে ফাতেমাকে নেওয়া হয় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে চিকিৎসা না হওয়ায় তাঁকে পাঠানো হয় ঢাকার মিটফোর্ড হাসপাতালে। এরপর ধানমন্ডির একটি বেসরকারি ক্লিনিকে। সব শেষে গত মাসে ভর্তি করা হয় বিএসএমএমইউতে।
বিশিষ্ট নিউরো সার্জন ও বিভাগীয় প্রধান অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, ‘ফাতেমা বেগমের পক্ষাঘাতগ্রস্ততার কারণ মেরুরজ্জুতে আঘাত। মেরুরজ্জুতে আঘাত লেগে মানুষ সারা জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে যায়। মেরুরজ্জুতে সামান্য আঘাতও বড় বিপর্যয় ডেকে আনে।’
আজ ৫ সেপ্টেম্বর মঙ্গলবার ‘ওয়ার্ল্ড স্পাইন ইনজুরি ডে’ পালিত হচ্ছে। মেরুরজ্জুর আঘাত সম্পর্কে সচেতন করতে ইন্টারন্যাশনাল স্পাইনাল কর্ড সোসাইটি গত বছর থেকে এই দিবস পালন করছে। এ বছরের প্রতিপাদ্য ‘হ্যাঁ আমরাও পারি’। বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠান পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনকেন্দ্রে (সিআরপি) এই দিবস পালন করার উদ্যোগ নিয়েছে। আজ এ বিষয়ে সাভারে সিআরপিতে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, দিনে গড়ে চার-পাঁচজন মেরুরজ্জুতে আঘাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসে।
এ ছাড়া পঙ্গু হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, সাভারের সিআরপিতে এই ধরনের রোগী নিয়মিত আসে। সারা দেশে মেরুরজ্জুর আঘাত পাওয়া রোগীর পরিসংখ্যান অবশ্য কারও কাছে পাওয়া যায়নি।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম প্রথম আলোকে বলেন, ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনার কারণে হাসপাতালগুলোতে মেরুরজ্জুতে আঘাত (স্পাইনাল কর্ড ইনজুরি) পাওয়া রোগী বাড়ছে। দেখা গেছে, বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে যাঁরা দুর্ঘটনায় পড়েন, তাঁদের মেরুরজ্জু বেশি ক্ষতিগ্রস্ত হয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারী বোঝা মাথায় নেওয়ার কারণে, গাছ থেকে পড়ে গিয়ে অনেকে মেরুরজ্জুতে আঘাত পায়। তবে সাম্প্রতিক কালে ইজিবাইকে ওড়না জড়িয়ে এই ধরনের আঘাত বাড়ছে।
সিআরপি ১৯৭৯ সাল থেকে মেরুরজ্জুতে আঘাত পাওয়া বা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে কাজ করছে। প্রতিষ্ঠানটি বলছে, অনেকাংশে মানুষের অসতর্কতা, অসাবধানতা ও অজ্ঞতাই মেরুরজ্জুতে আঘাতের মূল কারণ হয়ে দাঁড়ায়। সিআরপিতে চিকিৎসা নিতে আসা রোগীদের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে ভারী বোঝা বহনের সময় পড়ে গিয়ে, সড়ক দুর্ঘটনার কারণে, মাথার ওপর ভারী বস্তু পড়ে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে, অল্প পানিতে লাফ দিয়ে, ইজিবাইকে ওড়না পেঁচিয়ে মানুষ মেরুরজ্জুতে আঘাত পায়।
অধ্যাপক বদরুল আলম বলেন, শরীরে আঘাত পাওয়ার পর হাত-পা অবশ-অসাড় হওয়ার লক্ষণ দেখা দিলে, পায়খানা-প্রস্রাব বন্ধ হলে রোগীকে নিকটস্থ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে। উপজেলা পর্যায়ে এর বিশেষায়িত সেবা নেই।
যথাযথ ট্র্যাকশন ও অস্ত্রোপচারে রোগী ভালো হয়। তবে এসব রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে ফিজিও থেরাপির দরকার হয়।
এ ব্যাপারে সিআরিপর নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম বলেন, চিকিৎসায় সব মানুষ ১০০ শতাংশ ভালো হয় না। কারও হুইলচেয়ারে বা লং ট্রলিতে বাকি জীবন কাটাতে হয়। এদের নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা থাকে। এদের জন্য নিয়মিত ফিজিও থেরাপির দরকার হয়। সিআরপি দীর্ঘদিন ধরে এই সেবা দিয়ে আসছে।
সিআরপি জানিয়েছে, এই প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নিয়েছে, এমন রোগীদের জন্য বাড়িভিত্তিক কিছু সেবা আছে। বাড়িতে যাওয়া রোগীদের নির্দিষ্ট সময় অন্তর তথ্য সংগ্রহ করে তা মূল্যায়ন করা হয়। কোনো জটিলতা ধরা পড়লে রোগীকে জানানো হয় কোথায় গেলে প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে সিআরপিতে আসার পরামর্শও দেওয়া হয়।