মেরুল বাড্ডায় বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত
রাজধানীর মেরুল বাড্ডায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিম ওরফে সাদী মোরশেদ (২২) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সাদী মোরশেদ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর বাবা এস এম আলম জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য।
বাড্ডা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল করিম জানান, সাদী মোটরসাইকেলে করে বসুন্ধরা এলাকার আইইউবি ক্যাম্পাস থেকে কমলাপুরের নিজ বাসায় যাচ্ছিলেন। বিকেল পাঁচটার দিকে মেরুল বাড্ডায় এশিয়ান হাসপাতালের সামনে পৌঁছালে ফাগুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে পেছন থেকে ধাক্কা দিয়ে ছেঁচড়িয়ে নিয়ে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। কয়েকজন পথচারী পুলিশের সহায়তায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাদীর লাশ জরুরি বিভাগের মর্গে রাখা আছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়।
আবদুল করিম আরও জানান, পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পলাতক।