মেরুল বাড্ডায় রাস্তা সংস্কার করল পুলিশ
রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এবং মেরুল বাড্ডার কাঁচাবাজারের কাছে ইট-পাথরের জঞ্জাল ফেলে রাস্তা মেরামত করেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। যানজট ছাড়ানোরঝামেলা ট্রাফিক পুলিশকেই সামলাতে হয় বলে তারা এ উদ্যোগ নিয়েছে। যদিও দুটি এলাকাই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। অর্থাৎ এই সড়ক সংস্কারকাজ তাদেরই করার কথা, কিন্তু এসব এখন পুলিশকেই করতে হচ্ছে।
পুলিশ কর্মকর্তারা জানান, দুটো রাস্তাই বেহাল হয়ে আছে অনেক দিন ধরে। ফলে সব সময়ই যানজটের ধকল পোহাতে হয় যাতায়াতকারীদের। এই যানজট কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদেরও ‘মাথাব্যথার কারণ’। সে কারণে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (ট্রাফিক) আবু ইউসুফ।
প্রথম আলোকে তিনি বলেন, ‘এই দুটি অতি জরুরি সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েও বারবার ব্যর্থ হচ্ছি। তাই কোনো সংস্থাকে দোষ না দিয়ে নিজেরাই এই সমস্যা সমাধানের উদ্যোগ নেই।’