মেলা এলেই নতুন বই

বিকেলে অন্যপ্রকাশের প্যাভিলিয়নের দিকে যাচ্ছিলেন শিক্ষাবিদ ও লেখক সৈয়দ মনজুরুল ইসলাম। পথে পরিচিতজনেরা তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। এবার ভাষা ও সাহিত্যে একুশে পদক পাচ্ছেন তিনি। শুভেচ্ছা জানিয়ে জানতে চাইলাম, নতুন কী বই কিনবেন মেলা থেকে? ‘আমি তো মেলা থেকে বই কিনি না। সারা বছর টুকটাক বই কিনি। সারা বছরই আমার বইমেলা।’ স্মিত হেসে জবাব দিলেন লেখক সৈয়দ মনজুরুল ইসলাম।
আগের দুই দিন ‘ছুটির মেলা’র ভিড় শেষে গতকাল রোববার ১১তম দিনটি ছিল ছিমছাম। যাঁরা বই কেনার পরিকল্পনা করে এসেছিলেন, তাঁরা স্বস্তির সঙ্গেই কেনাকাটা করেছেন। আর যাঁরা বেড়াতে এসেছিলেন, তাঁরাও স্বচ্ছন্দে ঘুরেফিরে, গান শুনে সন্ধ্যা কাটিয়ে গেছেন। প্রকাশকেরা বলছেন, যাচাই-বাছাই করে যাঁরা বই কিনতে চান, তাঁদের জন্য মেলার পরিবেশ এখন চমৎকার। ভিড় না হলেও গতকাল বিকেলে এবং সন্ধ্যায় মানুষের আসা-যাওয়ার প্রবাহ চোখে পড়েছে। মোটামুটি সবার হাতেই বই ছিল।
তথ্যকেন্দ্র থেকে ভেসে আসা শব্দযন্ত্র জানান দেয়, এদিন মেলায় এসেছে ১০২টি নতুন বই। শুনে সৈয়দ মনজুরুল ইসলামের ‘সারা বছর বই কেনা’র কথাটা মনে আসল। আচ্ছা, শুধু প্রতিবছর ফেব্রুয়ারি এলেই কেন হিড়িক পড়ে বই প্রকাশের?
এ বিষয়টা পীড়া দেয় লেখক-প্রাবন্ধিক যতীন সরকারকে। তিনি মনে করেন, সারা বছরই বই প্রকাশ হওয়া উচিত। প্রথম আলোকে তিনি বলেন, ফেব্রুয়ারি এলে তাড়াহুড়ো করে বই ছাপা হয়। এতে ভুলের পরিমাণও বেড়ে যায়। লেখার যথাযথ মূল্যায়ন হয় না। তিনি বলেন, মেলায় কথাপ্রকাশ থেকে এসেছে তাঁর নতুন বই মুক্তবুদ্ধির চড়াই-উতরাই।
আগামী প্রকাশনীর ওসমান গণি বলেন, ‘বই প্রকাশই আমাদের কাজ। নতুন ভালো পাণ্ডুলিপি পেলে ঝাঁপিয়ে পড়ি ছাপানোর জন্য। কিন্তু সারা বছর নতুন বইয়ের পাণ্ডুলিপি পাওয়া যায় না। এ কারণে বছরের অন্য সময় রিপ্রিন্ট করি।’
ঢাকায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে, যারা সারা বছর নতুন বই নিয়ে সক্রিয় থাকে। যেমন প্রথমা প্রকাশন। এ প্রতিষ্ঠানের স্লোগান ‘প্রথমার বই: সারা বছর সেরা বই’। প্রথমার ব্যবস্থাপক জাফর আহমদ রাশেদ বলেন, ‘শুধু মেলাকে কেন্দ্র করে নয়, আমরা সারা বছর সেরা বইটিই বের করতে চাই।’ তিনি আরও বলেন, গত বছরের মার্চ থেকে এবারের ফেব্রুয়ারি পর্যন্ত প্রকাশিত সব বইকে নতুন বই হিসেবে ধরা হয়। প্রথমা এবারের মেলায় ইতিমধ্যে ৬০টির বেশি নতুন এসেছে।
বসন্তের অপেক্ষায় আছে বইমেলা। প্রতিদিনই নতুন আসা বইয়ের সংখ্যা বাড়ছে। নতুন বইয়ের তালিকায় গতকাল যোগ হয়েছে আল মাহমুদের আত্মজৈবনিক উপন্যাস জীবন যখন বাঁক ঘোরে। প্রকাশ করেছে বইঘর। প্রথমা প্রকাশন এনেছে বিশ্বজিৎ চৌধুরীর উপন্যাস ফুটো। তাম্রলিপি এনেছে গুলতেকিন খানের চৌকাঠ।