মেলার শেষ, খেলার শুরু। মিলে গিয়েছিল দুটি একত্রে। গতকাল বুধবার বিকেলে এই যুগলবন্দীর তীব্র ভিড় ছিল টিএসসির মোড়ে।
অমর একুশে গ্রন্থমেলার আগামীকাল শেষ দিন। মেলার শেষ দিনগুলোতে ক্রেতার ভিড় বেশি থাকে। যথারীতি তা-ই ছিল গতকালও। ওদিকে ফতুল্লায় চলছিল বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ। মিলন চত্বরে বিরাট পর্দা টানিয়ে দেখানো হচ্ছিল সেই ম্যাচ। ফলে রাজু স্মারক ভাস্কর্য থেকে স্বোপার্জিত স্বাধীনতা হয়ে মিলন চত্বর অবধি ক্রিকেটামোদীদের বিপুল সমারোহ। মেলা আর খেলায় টিএসসি কাল বিকেলে হয়ে উঠেছিল জনসমুদ্র।
সেই ভিড় ঠেলে আসা ক্রেতারা উদ্যান আর একাডেমি উভয় অংশেই পছন্দের বই কেনাকাটা নিয়েই ব্যস্ত ছিলেন। প্রকাশকেরা জানালেন, কৃপা হয়েছে বাংলা একাডেমির। সময় বাড়ানো হয়েছে রাত নয়টা পর্যন্ত। এই শেষ দুই দিনও মেলা রাত নয়টা পর্যন্ত চলবে। অথচ এই আধা ঘণ্টার জন্য মেলার শুরু থেকে কতই না আবেদন-নিবেদন জানিয়ে আসছিলেন তাঁরা।
বিক্রি প্রত্যাশামতোই
নতুন জায়গা হলেও মোটের ওপর মেলাটি এবার ভালোই হলো বলে জানালেন প্রকাশকেরা। গতকাল সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ ও অনিন্দ্য প্রকাশনীর আফজাল হাসেনের সঙ্গে কথা হলো। তাঁরা জানালেন, একাডেমি প্রাঙ্গণ থেকে উদ্যানে সরে এলেও তাঁদের প্রত্যাশামতোই বিক্রি হয়েছে। ভেতরে পরিসর বাড়ায় ক্রেতারাও স্বস্তিতে কেনাকাটা করেছেন। তবে এত বড় মাঠে বসার কোনো ব্যবস্থা না থাকায় তাঁরা ক্লান্ত বোধ করেছেন। আগামীবারের জন্য এ বিষয়টিও বিবেচনা করা দরকার। পাশাপাশি মেলার এই অংশে এবার একাডেমির পক্ষ থেকে পরিদর্শক দল নিয়মিত না আসায় প্রচুর ‘পাইরেটেড’ বই বিক্রি হয়েছে। আগামী বছর প্রবেশপথগুলো ভালো করা, শৌচাগার স্থাপন, উন্মুক্ত মঞ্চটি মেলা প্রাঙ্গণে এনে সেখানে অনুষ্ঠান করা, পাঠকদের বসার জন্য একটি ব্যবস্থা করা হলে মেলাটি আরও সুন্দর হবে। কারণ এই মেলা কেবল বই কেনাবেচার জন্য নয়, গ্রন্থানুরাগী আর লেখকদের একটি আড্ডার জায়গাও।
পুরস্কার
পাক্ষিক আনন্দ আলো প্রবর্তিত ‘সিটি-আনন্দ আলো’ সাহিত্য পুরস্কার ২০১৪ ঘোষণা করা হলো গতকাল নজরুল মঞ্চে। যাঁরা পুরস্কার পেলেন: প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত চাবিকাঠির খোঁজে: নতুন আলোকে জীবনানন্দের বনলতা সেন বইটির জন্য সেরা প্রবন্ধগ্রন্থের জন্য আকবর আলি খান। কবিতায় আসাদ চৌধুরী পেয়েছেন ম প্রকাশনী থেকে প্রকাশিত এই ফুলটির অন্তত দশ দশটি প্রেমপত্র পাওয়ার কথা কাব্যের জন্য। উপন্যাসে মঈনুল আহসান সাবের আখলাকের ফিরে আসা দিব্যপ্রকাশ, মোহিত কামাল পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণ গহ্বর বিদ্যা প্রকাশ, শিশু সাহিত্যে আলী ইমাম জৈন্তা বনে কালো জাদু বাংলা প্রকাশ ও মাহবুবা চৌধুরী সময় কাটুক ছড়ার সাথে মিজান প্রকাশনী। প্রথম বইয়ের জন্য দুই তরুণ মহিম সন্ন্যাসী পেয়েছেন কবিতায় ভাঙা শামুকের বয়ঃসন্ধি, অর্বাক প্রকাশনী ও উপন্যাসে রাতুল হাসান ফেরার কোন পথ থাকে না, আফসার ব্রাদার্স।
মোড়ক উন্মোচন ও নতুন বই
মোড়ক উন্মোচন নিয়ে নজরুল মঞ্চ আগের মতোই সরগরম। কালও ১৪টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
প্রথমার স্টলে গতকাল নতুন এসেছে এম সাখাওয়াত হোসেনের প্রবন্ধ বাংলাদেশে নির্বাচনী সংস্কার ১৯৭২-২০০৮। স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং তা পরিচালনার জন্য একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের দাবিটি কতটা গুরুত্ব পেয়েছে, নির্বাচনী সংস্কারের লক্ষ্যে এ যাবৎ দেশে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা কতটা সফল হয়েছে, এ ক্ষেত্রে আরও কী কী করণীয়—এ সবই বইটিতে আলোচনা করেছেন লেখক।
এ ছাড়া নতুন বইয়ের মধ্যে ছিল ফেয়ার পাবলিশিং হাউস থেকে খোন্দকার ইব্রাহিম খালেদের প্রবন্ধ জীবন যখন যেমন, অনিন্দ্য থেকে হাসান হাফিজের প্রবন্ধ বহুমাত্রিক রবীন্দ্রনাথ ও সময় থেকে সাক্ষাৎকারবিষয়ক এক ডজন হুমায়ূন, কথা প্রকাশ থেকে মোকারম হোসেনের প্রকৃতিবিষয়ক বাংলার শতফুল, পালক পাবলিশার্স থেকে রণজিৎ বিশ্বাসের প্রবন্ধ হূদয়ের ক্ষরণ কথা, নবযুগ থেকে জ্যোতি প্রকাশ দত্তের গল্প হীম জীবন, ইত্যাদি থেকে বেলাল চৌধুরীর প্রবন্ধ নবরাগে নব আনন্দে, শহীদুল আলমের গবেষণাগ্রন্থ সূর্যসেন ও স্বাধীনতা সংগ্রাম, চন্দ্রাবতী একাডেমী থেকে আমিরুল ইসলামের শিশুতোষ আকাশ কুসুম রূপকথা, ফরিদুর রেজা সাগরের গল্প ব্রাজিলের মাকড়সা ও আরও একটি গল্প, সংহতি থেকে রাজু আলাউদ্দিনের প্রবন্ধ রবীন্দ্রনাথ অন্য ভাষায় অন্য আলোয়, সংঘ প্রকাশ থেকে দাউদ হোসেন অনূদিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে লেখা আইরিন চ্যাঙের দি র্যাপ অব নানকিং ইত্যাদি।
এ ছাড়া এবার মেলায় এসেছে অনুপম প্রকাশনী থেকে মুহম্মদ জাফর ইকবালের ছড়ার বই ভয় কিংবা ভালোবাসা। মাওলা ব্রাদার্স থেকে এসেছে সোহরাব হাসানের কবিতার বই ভুল করে বেঁচে আছি। আগামী থেকে এসেছে আসাদ মান্নানের কবিতার বই যে অন্ধ জলের রাজা, ঝিনুক থেকে রবিউল হোসেনের প্রবন্ধ আরণ্যক ও অন্যান্য প্রবন্ধ, সজাগ থেকে আবদুল মতিন সম্পাদিত রবীন্দ্রনাথের উন্নয়ন ভাবনা, সাময়ন প্রকাশন থেকে আবদুল কাদের মুন্নার বন্ধুত্ব-প্রেম ও আজকের সমাজ।