মেলা থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যাত্রীরা
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরের মেলা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা তিনটি মোটরসাইকেল, ১২টি মুঠোফোনের সেটসহ যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের ভেল্লা গ্রামের কাছে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও ছিনতাইয়ের শিকার হওয়া কয়েকজন ব্যক্তি জানান, তাঁরা গোপীনাথপুর মেলায় কেনাকাটা সেরে রাতে বাড়ি ফিরছিলেন। মেলা থেকে কয়েক কিলোমিটার দূরে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের ভেল্লা গ্রামের কাছে ছিনতাইকারীরা রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি মাইক্রোবাসের যাত্রীদের ওপর হামলা চালায়। এরপর কয়েকটি ভটভটি ও তিনটি মোটরসাইকেল ঘটনাস্থলে পৌঁছার পর ছিনতাইকারীরা মোটরসাইকেল আরোহী ও ভটভটির যাত্রীদের মারধর করে তাঁদের সঙ্গে থাকা মুঠোফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে মোটরসাইকেল আরোহীদের আঘাত করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়।আদমদীঘির শালগ্রামের বাসিন্দা মোর্শেদ জানান, তাঁর মোটরসাইকেলটি ছিনতাইকারীরা নিয়ে গেছে। এ ব্যাপারে জয়পুরহাটের আক্কেলপুর থানায় অভিযোগ করতে গেলে ঘটনাটি ওই থানা এলাকায় ঘটেনি বলে উল্লেখ করে পুলিশ অভিযোগ নেয়নি।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান বলেন, ঘটনার পর তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঘটনাস্থল দুপচাঁচিয়া থানাধীন হওয়ায় তাঁরা ওই থানায় খবর দেন। দুপচাঁচিয়া থানার ওসি মহসিন আলী বলেন, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ঘটনাস্থলটি তাঁদের থানা এলাকায় ঘটেনি বলে তিনি দাবি করেন।বগুড়ার বি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুল ইসলাম জানান, দুপচাঁচিয়া থানার ওসি বিষয়টি তাঁকে জানিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি জয়পুরহাট জেলার এসপিকে জানাবেন।