মেলা থেকে বাড়িতে জুয়া বখরা নেন সাংসদ
টাকা নেওয়া হচ্ছে জুয়ার আসর থেকে। টাকা নেওয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ, সাংসদের বিশেষ বরাদ্দের উন্নয়ন প্রকল্প থেকেও। তিন বছর ধরে চলছে এই অবস্থা। তাতে জুয়া-হাউজি ছড়িয়ে পড়েছে মেলা থেকে বাড়িতে।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ঘটেছে এ ঘটনা। স্থানীয় সাংসদ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এসব জুয়ার আসর থেকে প্রতিদিন ৫০ হাজার টাকা করে নেন বলে অভিযোগ আছে। তবে এই টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন সাংসদ।
নিজের বিরোধিতাকারীদের মাথা ন্যাড়া করে দেওয়া, মামলা দিয়ে হয়রানিসহ বিভিন্নভাবে নির্যাতনের অভিযোগ আছে এই সাংসদের বিরুদ্ধে। সম্প্রতি সাংসদ মজিবুর রহমানের অনুসারীরা এক শিক্ষককে দিগম্বর করে ব্যাপক আলোচনার জন্ম দেন।
গৌরীপুরে গেলে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী ও একাধিক জনপ্রতিনিধি প্রথম আলোকে জানান, গত মার্চ মাসের প্রথম দিকে পৌরসভার ভেতরে পুরাতন গো-হাটায় কৃষিমেলা করা হয়। এতে বসানো হয় জুয়ার আসর। অভিযোগ উঠেছে, ১২ দিন চলা ওই আসর থেকে প্রতিদিন ৫০ হাজার টাকা করে নিয়েছেন সাংসদ। গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের মাধ্যমে তিনি ওই অর্থ নেন৷
জানতে চাইলে মেয়র সৈয়দ রফিকুল ইসলাম প্রথম আলোর কাছে এই টাকা দেওয়ার কথা স্বীকার করেন। লোক মারফত প্রতিদিন সকালে তিনি ওই টাকা সাংসদের কাছে পৌঁছে দিতেন বলে জানান। পৌর এলাকায় জুয়ার আসর বসানোর অনুমতি দেওয়ার ব্যাপারে জানতে চাইলে মেয়র বলেন, রাজনৈতিক চাপে মৌখিক অনুমতি দিতে হয়েছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, সনাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুলাল আহমেদের বাড়িতে তিন বছর ধরে জুয়ার আসর বসছে। সেখান থেকেও প্রতি রাতে ৫০ হাজার টাকা করে সাংসদকে দেওয়া হতো। ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বুলবুল আহাম্মদ বলেন, ‘দুলাল আহমেদের বাড়িতে প্রতি রাতে ওয়ান টেন খেলা হয়৷ দূর-দূরান্ত থেকে লোকজন মাইক্রোবাসে করে ওই বাড়িতে এসে রাতভর জুয়া খেলে৷’ তবে দুলাল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘জুয়া নয়, ইনডোর গেমসের অনুমতি নিয়ে অনুষ্ঠান করা হয়েছিল।’ তবে তিনি সাংসদকে প্রতিদিন টাকা দেওয়ার কথা অস্বীকার করেন।
এই চেয়ারম্যানের বাড়ির পাশের সোনাকান্দি গ্রামে প্রতি শনি ও মঙ্গলবার ‘বিশেষ মেলা’ বসে৷ ওই দুই দিন খোলা মাঠে মেলার নামে চলে জুয়া৷ নাম প্রকাশ না করার শর্তে ওই ইউনিয়নের এক জনপ্রতিনিধি জানান, ওই জুয়ার আসর থেকে দুই দিনে ছয়-সাত লাখ টাকা আয় করেন দুলাল চেয়ারম্যান৷ এই ‘বিশেষ মেলা’ থেকে প্রতিদিন সাংসদকে দিতে হয় এক লাখ টাকা।
রামগোপালপুর ইউনিয়নের বাহাদুর গ্রামে সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম ওরফে হবিও জুয়ার আসর বসান। প্রতিদিন সাংসদকে ৫০ হাজার টাকা দিয়ে চালাতে হয় এই আসর। এই আসরটি এপ্রিল ও মে মাস মিলে প্রায় ৩০ দিন চলেছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
এর কিছুদিন আগে মইলাকান্দা ইউনিয়নে শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় চালানো হয়েছিল আরও একটি জুয়ার আসর। ওই জুয়ার আসরটির অনুমতি পাওয়ার জন্য মজিবুর রহমান ফকির জেলা প্রশাসনকে লিখিত সুপারিশও করেছিলেন।
সাংসদের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাওহা ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামের রমিজ উদ্দিন স্বপনের বাড়িতেও জুয়ার আসর বসে। সম্প্রতি এর বিরুদ্ধে ইউএনও কার্যালয়ে লিখিত অভিযোগ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খসরুজ্জামানসহ উপজেলা নাগরিক কমিটির নেতারা৷ তাঁরা পুলিশ সুপারকেও (এসপি) বিষয়টি মুঠোফোনে জানান।
জানতে চাইলে ইউএনও দূর-রে শাহ্ওয়াজ প্রথম আলোকে বলেন, অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়ে জুয়ার আসর বন্ধ করে দেওয়া হয়েছিল।
এর পরপরই জেলা কমিটির অনুমোদন ছাড়াই গত ৫ জুন শফিকুল ইসলামকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, জুয়ার আসর বন্ধ করার জন্যই তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন৷
এই অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিধুভূষণ৷ তিনি প্রথম আলোকে বলেন, তৃণমূল নেতাদের অনাস্থা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মজিবুর রহমান ফকির ও তিনি শফিকুলকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেন৷
তবে গত ২৮ জুন খোঁজ নিয়ে জানা গেছে, ওই বাড়িতে জুয়ার আসর আবার চালু হয়েছে৷
উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগে প্রার্থীদের কাছ থেকে আড়াই লাখ টাকা করে নেওয়া হয়েছে। এখান থেকে জাতীয় নেতাদের ম্যুরাল নির্মাণের জন্য সাংসদ এক লাখ টাকা করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন উচ্চবিদ্যালয়ে শিক্ষক নিয়োগেও বিভিন্ন অঙ্কের অর্থ নেওয়া হচ্ছে ম্যুরালের কথা বলে৷ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার অগ্রদূত নিকেতন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম অর্থ লেনদেনে মূল ভূমিকা পালন করেন।
মাওহা ইউনিয়নের একটি উচ্চবিদ্যালয়ে শিক্ষকসহ তিনটি পদে নিয়োগ দেওয়া হয়৷ ওই তিনটি পদে নিয়োগ পাওয়া প্রার্থীদের কাছ থেকে লক্ষাধিক টাকা নেন নুরুল ইসলাম৷ ওই নিয়োগ কমিটির প্রধান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি খসরুজ্জামান ওই টাকা তাঁর হাতে তুলে দেন। খসরুজ্জামান প্রথম আলোর কাছে টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেন৷
তিন বছর ধরে উপজেলার সব টিআর, কাবিখা, কাবিটা এবং সাংসদের বিশেষ বরাদ্দের প্রকল্প থেকে ৩০ থেকে ৪০ শতাংশ ম্যুরালের জন্য দিতে হয়েছে বলে জানান একাধিক ইউপি চেয়ারম্যান। আওয়ামী লীগের সমর্থক একজন ইউপি চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সাংসদ সব চেয়ারম্যানের কাছে সরকারি বরাদ্দের ৪০ শতাংশ অর্থ চেয়েছিলেন। আওয়ামী সমর্থক দুই থেকে তিনজন চেয়ারম্যান কিছুটা কম দিয়েছেন। বাকি চেয়ারম্যানরা ম্যুরালের জন্য মোট বরাদ্দের অন্তত ৩০ শতাংশ অর্থ দিতে বাধ্য হয়েছেন।
স্থানীয় আওয়ামী লীগের নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকেরা জানান, সাংসদ বিভিন্ন সময়ে তাঁদের বলেছেন, গৌরীপুরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার ‘ম্যুরাল’ নির্মাণ করা হবে। এতে দুই কোটি টাকা ব্যয় হবে।
গত সরকারের সময়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকাকালে মজিবুর রহমানের এপিএস আবু কাওসার চৌধুরী সম্পাদিত স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম রাজগৌরীপুর২৪ডটকমে গত ৯ জুন প্রকাশিত একটি প্রতিবেদনে প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, ভাস্কর্য স্থাপনে ব্যয় হবে প্রায় দুই কোটি টাকা। সবার আর্থিক সহযোগিতায় এর কাজ এগিয়ে চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক-জনতা, ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের দেশপ্রেমিক নাগরিক এটা নির্মাণে আর্থিকভাবে ও সৌন্দর্য বর্ধনে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। তবে গত রাতে জানতে চাইলে সাংসদ মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি ব্যক্তিগত অর্থায়নে এক কোটি টাকা ব্যয়ে ম্যুরালটি নির্মাণ করছেন।
পৌর শহরের মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বিজয় ’৭১-এর উত্তর পাশে পামবীথি রাস্তার জোড়াপুকুর ও সংলগ্ন একটি রাস্তার একাংশ ভরাট করে ১০ শতাংশ জায়গায় ম্যুরালের নামে ওই আবক্ষ মূর্তি নির্মাণ করা হচ্ছে৷ এর কাজ বর্তমানে শেষের পথে৷ এর জন্য গৌরীপুর পৌরসভার প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়নি।