মেলা বন্ধ, আতঙ্কে আসছেন না পুণ্যার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার দিগম্বরবাড়ি বৈশাখী মেলায় গত বুধবার রাতে দুর্বৃত্তদের গুলিতে হতাহতের ঘটনার পর ওই মেলা বন্ধ করে দিয়েছে প্রশাসন। পাশাপাশি আতঙ্কে দিগম্বরী মাতার মন্দিরে পূজা-অর্চনা দিতে আসছেন না পুণ্যার্থীরা। এদিকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, মহিষার দিগম্বরবাড়ি বৈশাখী মেলায় বুধবার রাত নয়টার দিকে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় আবুল হোসেনের দোকানে বসে মহিষার গ্রামের মজিবর সিকদার গল্প করছিলেন। দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন। কাঞ্চলপাড়া গ্রামের আবুল হোসেন, মহিষার গ্রামের আক্তার শেখ, একই গ্রামের বাকপ্রতিবন্ধী হাসু শেখ ও সাজনপুর গ্রামের রফিক বেপারী গুলিবিদ্ধ হন। স্থানীয় বাসিন্দারা জানান, ওই মন্দিরে প্রতিবছর পয়লা বৈশাখ থেকে পূজা-অর্চনা শুরু হয়। চলে সাত দিন পর্যন্ত। মন্দিরের আশপাশের জমিতে সাত দিনব্যাপী মেলা চলে। বুধবারের ওই ঘটনার পর মেলা বন্ধ হওয়ার পাশাপাশি আতঙ্কে মন্দিরে কেউ পূজা-অর্চনা করতে আসছেন না। ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। জেলা প্রশাসক রাম চন্দ্র দাস বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।