মেলা বন্ধ করতে গিয়ে ইউএনও অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ার সীমান্তবর্তী চরশিয়রবর গ্রামের পাশে ফাঁকা মাঠে ঘোড়দৌড়ের আয়োজন ও মেলা বন্ধ করতে গিয়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল খায়ের অবরুদ্ধ হয়ে পড়েন। পরে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে ইউএনওকে উদ্ধার করে এবং মেলা বন্ধ করে দেয়। গত শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মেলার আয়োজকেরা ইউএনওকে অবরুদ্ধ ও পুলিশকে ধাওয়া করলে ৪৫টি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় মেলার মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।এলাকাবাসী জানান, উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর গ্রামের লোকজন ওই স্থানে ঘোড়দৌড়ের পাশাপাশি মেলার আয়োজন করে। আয়োজকদের অন্যতম শিয়রবর গ্রামের বাসিন্দা শালনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনিছুর রহমান বলেন, রাতে কড়চা গানের আয়োজন ছিল। রাত আটটার দিকে আলফাডাঙ্গার ইউএনও কয়েকজন পুলিশ নিয়ে মেলার দোকানদারদের ওপর অতর্কিতে লাঠিপেটা শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে দোকানদার ও মেলার আয়োজকেরা ইউএনওকে অবরুদ্ধ করেন এবং পুলিশকে ধাওয়া করেন। এ সময় পুলিশ গুলিবর্ষণ করে। পরে তারা মঞ্চ ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ইউএনও আবুল খায়ের বলেন, ঘোড়দৌড় শেষে রাতে আলফাডাঙ্গার সীমানায় লোহাগড়ার শিয়রবর গ্রামের কিছু লোক জুয়ার আসর ও অশ্লীল নৃত্যের আয়োজনের প্রস্তুতি নেয়। এসব আয়োজন বন্ধ করতে বললে পুলিশসহ আমাকে ধাওয়া করে। পরে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।