২৪ ঘণ্টার মধ্যে মৌসুমি ব্যবসায়ীদের মেলা বন্ধ করা না হলে রাজশাহীর ব্যবসায়ীরা স্থানীয় ৮০টি বাজার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। রমজানে মেলা বন্ধের দাবিতে গতকাল রোববার আয়োজিত সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি থেকে ব্যবসায়ীরা এ ঘোষণা দেন।
সাহেববাজার জিরোপয়েন্টে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ ও মানববন্ধন করেন ব্যবসায়ীরা। তাঁদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, তিনি পুলিশ কমিশনারকে বলেছেন, তিনি মেলার বিপক্ষে নন, তবে মেলা হবে ঈদের পরের দিন থেকে। ঈদের আগে মাসব্যাপী মৌসুমি ব্যবসায়ীরা এখানে ব্যবসা করে চলে যাবেন। তাঁদের ঘরভাড়া লাগবে না। সরকারকে কর দেবে না। আর তাঁদের ব্যবসার কারণে রাজশাহীর স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। এটা বন্ধ করতে হবে।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, মৌসুমি মেলা ব্যবসায়ীরা নিম্নমানের পসরা নিয়ে এসে রাজশাহীর মানুষকে প্রতারিত করে চলে যান। তিনি আরও বলেন, যদি ২৪ ঘণ্টার মধ্যে মেলা বন্ধ না হয়, তাহলে কাল (সোমবার) থেকে রাজশাহী মহানগর ও জেলার ৮০টি বাজার বন্ধ করে দেওয়া হবে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি শামসুদ্দিন, ব্যবসায়ী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী প্রমুখ।