লালমাটিয়া নিউ কলোনি ক্রীড়া চক্র মাঠে আয়োজন করা অবৈধ মেলা অবশেষে শেষ হয়েছে। এতে মাঠের একাংশ দখলমুক্ত হলেও অন্য অংশে বসা সাপ্তাহিক বাজার, নির্মাণশ্রমিকদের আবাস ও অস্থায়ী দোকান উচ্ছেদে কোনো পদক্ষেপ নেয়নি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। মেলায় ক্ষতিগ্রস্ত মাঠটি সংস্কারের কোনো উদ্যোগও দেখা যায়নি।
স্থানীয় ব্যক্তিরা বলছেন, ঘনবসতির এই এলাকায় খেলাধুলা ও বুক ভরে শ্বাস নেওয়ার মতো ফাঁকা জায়গা ছিল এই মাঠ। নিয়মিত এখানে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হতো। কিন্তু কাঁচা টাকার লোভে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা গৃহায়ণ কর্তৃপক্ষের যোগসাজশে মাঠটি নষ্ট করে ফেলছে। মাঠের পশ্চিম অংশের ফাঁকা জায়গায় সপ্তাহে তিন দিন কাঁচাবাজার বসে। এক পাশে টিনের তৈরি অস্থায়ী ঘরে বাস করেন অন্তত ৫০ জন নির্মাণশ্রমিক। মাঠের পূর্ব অংশে প্রতি শুক্রবার বসে পুরোনো গাড়ির হাট। মাঠের চারপাশ ঘিরে বসানো ১০-১২টি অস্থায়ী দোকান। সর্বশেষ মাঠের মাঝখানের অংশে আয়োজন করা হয়েছিল মেলার।
মাঠটির মালিক জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আগস্টে মাঠে মেলার আয়োজনের জন্য আবেদন করেছিলেন আওয়ামী লীগের নারী নেত্রীরা। তবে আবেদনপত্রে কোনো নেতা-নেত্রীর নাম ছিল না। মেসার্স চৌধুরী ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের পক্ষে এই আবেদন করা হয়। স্থানীয় সাংসদ জাহাঙ্গীর কবির নানক তাতে সুপারিশ করেন। কিন্তু শোকের মাস বলে আগস্টে অনুমতি দেয়নি গৃহায়ণ কর্তৃপক্ষ। পরে ১৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলার অনুমতি দেয় তারা। কিন্তু অনুমোদিত সময়ে মেলার আয়োজন করেনি তারা। মেলা শুরু করেছে সেই আগস্ট মাসে। ১৬ আগস্ট থেকে গত শুক্রবার বন্ধ হওয়া পর্যন্ত চলেছে এই অবৈধ মেলা।
এই অবৈধ মেলা নিয়ে ৯ আগস্ট ‘খেলার মাঠে টাকা কামানোর আয়োজন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। গত শুক্রবার ‘অবৈধ মেলা চলছেই’ শিরোনামে আবার প্রতিবেদন প্রকাশ করা হয়।
জানতে চাইলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (বিভাগ-২, মোহাম্মদপুর অঞ্চল) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, মেলা বন্ধের নির্দেশ দেওয়ার পর শুক্রবার থেকে স্টলগুলো সরানো শুরু হয়। এখন মাঠটি পরিদর্শন করে দেখা হবে মাঠের কোনো ক্ষতি হয়েছে কি না। ক্ষতি হলে মেলা আয়োজকদের কাছ থেকে মাঠটি ঠিক করে নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার সেখানে গিয়ে দেখা গেছে, মাঠের যে অংশে মেলার আয়োজন করা হয়েছিল, সেখানে এখনো পড়ে আছে ইটের টুকরা, খুঁটিসহ নানা সরঞ্জাম ও আবর্জনা। মাঠের বিভিন্ন স্থানে রয়েছে ছোট–বড় গর্ত।
ভবিষ্যতে মাঠে আর মেলা আয়োজন না করার আহ্বান জানিয়ে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের বলেন, এক মাসের একটি মেলার আয়োজনকে কেন্দ্র করে তিন-চার মাস মাঠে খেলাধুলা বন্ধ থাকে। মাঠে তৈরি হওয়া গর্ত ও পড়ে থাকা পেরেকে আহত হওয়ার ভয়ে অনেকে খেলতে যায় না। মাঠ দখল করে রেখে খেলাধুলা বন্ধ রাখলে কখনো সুস্থ জাতি পাওয়া যাবে না। তিনি বলেন, মেলা ছাড়াও দোকান ও বাজার দিয়ে মাঠ দখল করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটি আইনের লঙ্ঘন।
খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এর ৫ নম্বর ধারা অনুযায়ী, খেলার মাঠ অন্য কোনোভাবে ব্যবহার বা অনুরূপ ব্যবহারের জন্য ভাড়া, ইজারা বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যাবে না৷ এই আইন লঙ্ঘনে অনধিক পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় সাজার বিধান আছে।
মাঠ থেকে দোকান, বাজার ও নির্মাণশ্রমিকদের জন্য তৈরি ঘর উচ্ছেদ করা হবে কি না জানতে চাইলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান বলেন, মাঠের উন্নয়নে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এখন কলোনির ভবন নির্মাণের কাজে মাঠটি ব্যবহার করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যেই নির্মাণকাজ শেষ হবে। এরপর সব উচ্ছেদ করা হবে এবং মাঠের উন্নয়ন করা হবে।