মেলা বসাতে উঠতি বোরোখেত সাবাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেতের উঠতি ধানগাছগুলোতে সবুজের ঢেউ খেলা করছিল দুই দিন আগেও। কিন্তু গত রোববার নয় বিঘা জমির অপরিপক্ব ধানগাছ কেটে ফেলা হয়েছে। আরও ২৫ বিঘার ধানগাছ কাটার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। আর এসব কিছুই করা হচ্ছে ১৮ এপ্রিল থেকে মেলা বসানোর জন্য। মেলায় সার্কাস, যাত্রা, হাউজি, পুতুলনাচ, লটারি—এসব প্রদর্শনের জন্য মঞ্চ বানানো হবে এ খেতগুলোর বুকে। ঘটনাটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর চারমাথা এলাকায়।এলাকাবাসী জানান, প্রতিবছরই বৈশাখের প্রথম সপ্তাহে গাংনগরে মেলা বসে থাকে। এ বছর ওই মেলার ইজারা পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাহাজাদা চৌধুরী। আগে বিদ্যালয় এলাকায় মেলা বসানো হতো। কিন্তু এবার বিদ্যালয় কর্তৃপক্ষ মেলার ইজারা না পাওয়ায় তারা বিদ্যালয়ের জায়গা ব্যবহার করতে দিচ্ছে না। ফলে নতুন আয়োজকেরা পাশের চারমাথা এলাকায় মেলা বসানোর প্রস্তুতি নিয়েছে। আর জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে বোরোখেতকে। আয়োজকেরা জমির মালিকদের প্রতি বিঘা বোরো ধানগাছ এখনই কেটে নেওয়ার জন্য নয় হাজার টাকা করে দিচ্ছেন। জমির মালিকেরা কোনো উপায় না দেখে এ প্রস্তাবে রাজি হয়েছেন। তবে অনেক জমির মালিক তাঁদের ফসল নিয়ে উদ্বিগ্নও হয়ে পড়েছেন। দুর্লভপুর গ্রামের কৃষক তারিপ উদ্দিন (৩৮) বলেন, প্রতি বিঘা জমির ফসল নষ্ট হওয়ার জন্য জমির মালিককে নয় হাজার টাকা করে দিচ্ছেন মেলার আয়োজকেরা। একই গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান, মেলা হবে বিশাল এলাকাজুড়ে। হাজার হাজার মানুষের সমাগম হবে। মঞ্চ তৈরির বাইরে যেসব জমি থাকবে মেলার কারণে সেসব জমির ফসলও রক্ষা করা কঠিন হয়ে পড়বে। কিন্তু এ ব্যাপারে আয়োজকদের কোনো তৎপরতা নেই।আয়োজক ফরিদুল ইসলাম জানান, জায়গা না পাওয়ার জন্য কিছু জমির মালিকদের ক্ষতিপূরণ দিয়ে জায়গা বের করা হয়েছে। আর বোরো ধানগাছ কাটা নিয়ে জমির মালিকদের কোনো অভিযোগ নেই। ইজারাদার সৈয়দ শাহাজাদা চৌধুরী বলেন, ‘স্থানীয়ভাবে কী করা হয়েছে তা আমার জানা নেই। ওখানকার ছেলেপেলেরা এ ব্যাপারে জানে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান জানান, বোরোখেত নষ্ট করে মেলা করার বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।