মেলা শেষ, মাঠ নিয়ে বিপাকে স্কুল কর্তৃপক্ষ
রংপুর জিলা স্কুল মাঠে মেলা শেষ হয়েছে। কিন্তু মাঠের দুরবস্থা নিয়ে স্কুল কর্তৃপক্ষ বিপাকে পড়েছে। মাঠ সংস্কারের জন্য মেলা কর্তৃপক্ষের দুই লাখ টাকা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। গত মঙ্গলবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মাঠ দুটির বেহাল অবস্থা। ছোট-বড় অনেক গর্ত। মাঠের এই বেহাল দশার কারণে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। বিদ্যালয়ের শিক্ষক শফিয়ার রহমান বলেন, মাঠের এই বেহাল দশার কারণে বছরের শুরুতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও তা এখনো সম্ভব হয়ে উঠছে না।এই মাঠে জেলার বিভিন্ন খেলোয়াড় অনুশীলন করে থাকেন। সেটিও তাঁরা করতে পারছেন না বলে অভিযোগ করলেন খেলোয়াড় আলাউদ্দিন মিয়া। তিনি বলেন, এখানে এমনিতেই মাঠের অভাব। মাঠের এই দুরবস্থার কারণে তিনি অনুশীলন না করেই বাড়ি ফিরে যাচ্ছেন। জিলা স্কুলের প্রধান শিক্ষক আবু নূর মো. আনিসুল ইসলাম চৌধুরী জানান, বণিক সমিতির সঙ্গে কথা হয়েছিল মাঠ সংস্কারে বিদ্যালয়ের তহবিলে তাঁরা দুই লাখ টাকা জমা করবেন। কিন্তু তা দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। এ ছাড়া মাঠের যে বেহাল দশা হয়েছে এতে করে স্কুলে খেলাধুলা করা মোটেই সম্ভব নয়। রংপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি শাহনেওয়াজ বাবলু বলেন, এই মেলার স্বত্ব বিক্রি করা হয়। স্বত্বাধিকারী প্রতিষ্ঠানেই এই টাকা দেওয়ার কথা। বিষয়টি তিনি দেখবেন। মেলার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মসলিন-বেনারসি প্রাইভেট লিমিটেডের সভাপতি বাবলু মিয়া বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষকে টাকা দেওয়ার বিষয়টি বণিক সমিতির নেতারাই বলতে পারবেন।