মেলা শেষে ‘ঝামেলা’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টিলা কেটে মেলা’ আয়োজনের অভিযোগ নিয়ে শুরু হওয়া সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষে শুরু হয়েছে আরেক ‘ঝামেলা’। মেলার আয়োজক প্রতিষ্ঠান জেএস ট্রেড ইন্টারন্যাশনাল সিলেট বণিক সমিতির দেনা শোধ না করেই মেলা গুটিয়ে চলে গেছে। গত ২৪ আগস্ট মেলা গুটানো হলেও গতকাল বুধবার পর্যন্ত মাঠে পড়ে রয়েছে অবকাঠামো আর ফটকের স্থাপনা।সিলেটের শাহি ঈদগাহ মাঠ হিসেবে পরিচিত সদর উপজেলার মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতির সময়ে প্রধান ফটক নির্মাণ করা হয় পার্শ্ববর্তী টিলার মাটি কেটে। গত ৫ জুলাই প্রথম আলোয় ‘টিলা কেটে মেলা!’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে সিলেট বণিক সমিতির প্রশাসন টিলা অক্ষত রেখে মেলা আয়োজনের নির্দেশ দিলে আয়োজকেরা মেলা শুরু করেন। গত ১৪ জুলাই বাণিজ্যমন্ত্রী ফারুক খান মেলার উদ্বোধন করেন।বণিক সমিতি সূত্র জানায়, সিলেটে এটি ছিল বার্ষিক ১২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারই প্রথম নগরের বাইরে শাহি ঈদগাহ এলাকার মাঠে মেলার আয়োজনে দরপত্র আহ্বান করা হলে ১৪টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সর্বোচ্চ দরদাতা হিসেবে জেএস ট্রেড ইন্টারন্যাশনাল ৮১ লাখ ৫১ হাজার ৫০০ টাকায় আয়োজক মনোনীত হয়। দরপত্রের শর্ত অনুযায়ী ১০ লাখ টাকা জামানত এবং বাকি টাকা সমান চারটি কিস্তিতে মেলা চলাকালে পরিশোধের কথা। এ অনুযায়ী আয়োজক প্রতিষ্ঠান চারটি চেকও দিয়েছে। কিন্তু চেকগুলো ব্যাংকে প্রত্যাখ্যাত হয়। এ অবস্থায় আয়োজকেরা ২৪ আগস্ট মেলা গুটিয়ে চলে যান।এ অবস্থায় বণিক সমিতির উদ্যোগে ২৬ আগস্ট স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে একটি মতবিনিময় সভা হয়। সমিতির প্রশাসক ও জেলা প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী জানান, সভায় আইনি পদক্ষেপের মাধ্যমে টাকা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, মেলা শেষ করার পর মাঠে পড়ে থাকা অবকাঠামো ও আসবাব অপসারণ নিয়েও তাঁরা আরেক ঝামেলায় পড়েছেন।জেএস ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী জুনায়েদ সেলিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্থানের কারণে মেলায় তাঁদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি শুরু থেকে শেষ পর্যন্ত কর্তৃপক্ষকে অবহিত করার পরও কোনো প্রতিকার মেলেনি। তাই বিষয়টি আইনিভাবে মোকাবিলার চিন্তাভাবনা রয়েছে।