মেলাজুড়ে মাছের ঝিলিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে মাছের মেলায় বিক্রির জন্য ডালায় সাজিয়ে রাখা হয় নানা জাতের মাছ। গত বৃস্পতিবার রাতে তোলা ছবি l প্রথম আলো
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে মাছের মেলায় বিক্রির জন্য ডালায় সাজিয়ে রাখা হয় নানা জাতের মাছ। গত বৃস্পতিবার রাতে তোলা ছবি l প্রথম আলো

মেলাজুড়ে মাছেরই কারবার। যেদিকে চোখ যায় কুয়াশাজড়ানো আলোর নিচে রুপালি মাছের ঝিলিক। ছোট–বড় হরেক রকম মাছ। মাছ কিনতে ও দেখতে হাজারো মানুষের উপচে পড়া ভিড়। এমনই উৎসবের মতো ছিল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের ঐতিহ্যবাহী মাছের মেলা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেলা শুরু হয়েছে, চলে গতকাল শুক্রবার রাত পর্যন্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় শত বছর আগে মাছের এই মেলা শুরু হয়েছিল মৌলভীবাজার সদর উপজেলার নদী–তীরবর্তী মনুমুখ নামক স্থানে। পরে নদীভাঙনে মনুমুখ বাজারের পরিসর ছোট হয়ে এলে মেলাটি একই উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর এলাকায় স্থানান্তরিত হয়। এরপর প্রায় ৪৫ বছর ধরে শেরপুরে কুশিয়ারা নদীর পাড়ে মাছের মেলা বসছে। পৌষসংক্রান্তির এক দিন আগে বসে এই মেলা।
গত বৃহস্পতিবার রাতে গিয়ে মেলা প্রাঙ্গণজুড়ে হাজারো মানুষের ঢল চোখে পড়েছে। একদিকে মাছের আড়ত। মৌলভীবাজারের হাকালুকি, কাওয়াদিঘি, হাইল হাওর; হবিগঞ্জ, সুনামগঞ্জের হাওর, মনু, কুশিয়ারাসহ বেশকিছু ছোট–বড় নদ-নদী থেকে ধরা মাছ মেলা উপলক্ষে আড়তে নিয়ে আসা হয়েছে। ট্রাকে করে দেশের বিভিন্ন স্থান থেকেও মাছ এসেছে। অন্যদিকে খুচরা বিক্রির জন্য ছিল প্রায় ২০০ দোকান। এসব দোকানে বৈদ্যুতিক আলোয় রুপালি শরীর নিয়ে ঝিলিক দিচ্ছিল আইড়, রুই, কাতলা, চিতল, বাগাড়সহ নানা জাতের মাছ।
খুচরা বিক্রেতা আবু মিয়া বলেন, তিনি প্রায় ২ লাখ টাকার মাছ এনেছেন। ১৫ কেজি ওজনের আইড় মাছের দাম চাইলেন
২২ হাজার টাকা। ১০ কেজি ওজনের ১৫ হাজার টাকা। আরেক বিক্রেতা আবদুল হামিদ ২০ কেজি ওজনের বোয়াল মাছের দাম হাঁকলেন ২৫ হাজার টাকা। প্রায় ৪৫ কেজি ওজনের একটি বাগাড়ের দাম চাওয়া হলো ৫০ হাজার টাকা।
মাছ বিক্রেতা আবু মিয়া বললেন, ‘বাজারের অবস্থা ভালো। আমার সব মাছই স্থানীয়। মেলা উপলক্ষে তিন-চার দিন আগে থেকে এই মাছ ধরা শুরু হয়েছে।’
এবারের মেলায় জুয়া, যাত্রার নামে অশ্লীল নৃত্য ও লটারির উৎপাত দেখা যায়নি। এতে ক্রেতা-বিক্রেতারা স্বস্তির মধ্যে কেনাবেচা করেছেন।
মেঘনা মৎস্য ভান্ডারের পরিচালক মিজানুর রহমান বলেন, বৃহত্তর সিলেটের বিভিন্ন হাওর ও নদীর মাছ ছাড়াও খুলনা, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে মাছ আসে। এক রাতে এখানে অন্তত ২ কোটি টাকার মাছ বিক্রি হয়েছে। মেলায় ১৮টি মাছের আড়ত থেকে পাইকারিতে মাছ বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার মেলা আয়োজক কমিটির সহসভাপতি আশরাফ আলী খান বলেন, ‘শত বছরের ঐতিহ্যবাহী এই মেলা এবার খুব সুন্দরভাবে হচ্ছে। কোনো ঝুটঝামেলা নেই। প্রশাসন সব ধরনের সহযোগিতা করেছে।’
মাছের মেলাকে ঘিরে অন্যান্য সামগ্রীরও কমতি ছিল না। বিভিন্ন ধরনের খাবারের হোটেল, বাতাসা, খই-মুড়ি, নানা রকম মৌসুমি ফল, খেলনা, শীতের কাপড়চোপড়, বাঁশ-বেত, লোহা ও কাঠের তৈরি আসবাব ছিল। ছিল মাটির বাসন, এমনকি কৃষি সরঞ্জামও।