মেলান্দহে চার কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলার চারটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে গেছেন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান চাঁদের কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় হাবিবুর রহমান চাঁদের কর্মীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ইসমত পাশার কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।

ওই চারটি কেন্দ্র হলো আমির্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুপকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেলান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র।

প্রিসাইডিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, আজ সকালে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান চাঁদের কর্মীরা কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যান। এ সময় ওই চার কেন্দ্রে থাকা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসমত পাশার কর্মীদের সঙ্গে হাবিবুর রহমানের কর্মীদের সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। পরে র্যাব ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে আমির্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।

আমির্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, মোট ১৮৬টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছে। তবে ভোট গ্রহণ চলছে।