মেলান্দহে পাছপয়লা সেতু দিয়ে যান চলাচল নিষিদ্ধ, জনদুর্ভোগ
জামালপুর-মেলান্দহ-মাহমুদপুর বাজার সড়কের পাছপয়লা সেতুটি এখন মরণফাঁদ। দুর্ঘটনা এড়াতে এলজিইডি ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে। স্থানীয় ব্যবসায়ীরা জরুরি ভিত্তিতে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।পাছপয়লা সেতুর স্থানে সম্প্রতি গিয়ে দেখা গেছে, এলজিইডির আওতাধীন পুরোনো এ সেতুর বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। সেতুর পশ্চিম প্রান্তে গত বছরের বন্যায় মাটি ধসে বিশাল গর্ত হয়েছে। এতে সেতু দিয়ে রিকশা বা অন্যান্য ছোটখাটো যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এলজিইডি কর্তৃপক্ষ গত মে মাসে এই সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করে সতর্কীকরণ নোটিশও টাঙিয়ে দিয়েছে। এলজিইডি প্যালাসাইটিং করে সেতুর অ্যাপ্রোচ মেরামতের জন্য গত জুনে সাত লাখ টাকার একটি দরপত্রের বিপরীতে ঠিকাদার বেলায়েত হোসেনকে কার্যাদেশ দিয়েছে। কিন্তু ওই ঠিকাদার গত তিন মাসেও সেখানে কোনো কাজ শুরু করেননি। ঠিকাদারের একজন প্রতিনিধি জাহিদুল ইসলাম জানান, তাঁরা প্রাথমিকভাবে সেতুর অ্যাপ্রোচে বালুর বস্তা ফেলেছেন। খুব শিগগিরই কাজ শুরু করা হবে। কিন্তু স্থানীয় প্রশাসন বলেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে বালুর বস্তার কোনো কাজ করেনি। মাহমুদপুর বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারটি এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এবার এটি ইজারা দেওয়া হয়েছে প্রায় ১৮ লাখ টাকায়। এখানে ৫০০ দোকানপাট, গুদাম ও অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। সপ্তাহের সোম ও শুক্রবার হাটবারে ৩০ থেকে ৪০ ট্রাক পাট ও অন্যান্য পণ্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করে। কিন্তু এলজিইডি যানবাহন চলাচল নিষিদ্ধ করায় এ অঞ্চলের ব্যবসায়ীদের পণ্য পরিবহন এবং যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্তমানে অনেক ঘুরে মাহমুদপুর বাজার-মাদারগঞ্জ-জামালপুর-ঢাকা অথবা মাহমুদপুর বাজার-মাদারগঞ্জ-সরিষাবাড়ী হয়ে ঢাকায় পণ্য পাঠাতে ট্রাকপ্রতি প্রায় ১০ হাজার টাকা খরচ পড়ছে। আগে খরচ হতো ছয় থেকে সাত হাজার টাকা। এলজিইডির সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, সেতুর অ্যাপ্রোচের কাজটি সাময়িক। সংশ্লিষ্ট ঠিকাদারকে তাগাদা দেওয়া হয়েছে দ্রুত অ্যাপ্রোচ মেরামত করে দেওয়ার জন্য। তিনি আরও জানান, পুরোনো সেতুটি ভেঙে একটি বড় নতুন সেতু নির্মাণের প্রকল্প ঢাকায় এলজিইডির সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান বলেন, ঠিকাদার ওই সেতুর অ্যাপ্রোচে কোনো বালুর বস্তা ফেলেনি। মাহমুদপুর ইউনিয়ন পরিষদ থেকে এক লাখ টাকা বরাদ্দ দিয়েছিলাম। সেই টাকায় তারা সেতুর অ্যাপ্রোচের স্থানে বালুভর্তি বস্তা ফেলেছিল, যাতে মানুষ অন্তত হেঁটে সেতুটি পার হতে পারে। তিনি আরও জানান, দ্রুত অ্যাপ্রোচ মেরামত করার জন্য এলজিইডিকে তাগাদা দেওয়া হয়েছে।