মেলান্দহে স্বামীর কুড়ালের কোপে গৃহবধূ খুন
জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নে নিলুফা বেগম (৪০) নামের এক গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তাঁর স্বামী। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, নাংলা ইউনিয়নের মুন্সি নাংলা গ্রামের কৃষক হারুন অর রশিদ গত শুক্রবার হাটে ধান বিক্রি করে সরিষার তেল ও অন্যান্য খাদ্য না কিনে নিজের জন্য একটি শার্ট কিনে বাড়িতে যান। এ নিয়ে বেলা তিনটায় স্ত্রী নিলুফার সঙ্গে ঝগড়া বাধে। একপর্যায়ে কুড়াল দিয়ে নিলুফারের মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে রক্তাক্ত অবস্থায় মেলান্দহ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার ভোর চারটার দিকে নিলুফা মারা যান।এ ঘটনায় নিহতের ভাই রহমত আলী বাদী হয়ে নিলুফার স্বামী হারুন অর রশিদকে আসামি করে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা করেছেন।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন জানান, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। নিহতের লাশের ময়নাতদন্ত হয়েছে। ঘটনার পর থেকেই আসামি হারুন পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।