
‘ঝাড়ু, ঝাড়ু, ঝাড়ু, বান্দরবানের ঝাড়ু। নিয়ে যান দেড় শ টাকা জোড়া।’ চট্টগ্রাম নগরের কে সি দে রোডে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে আসা ওমর আলী চিৎকার করতে করতে বৃষ্টিবিঘ্নিত মেলাকেই যেন গরম করে ফেলেছেন। হাঁকডাক শুনে আশপাশ থেকে কয়েকজন ক্রেতা ভিড় করেন তাঁর সামনে। ফাতেমা বেগম নামের এক নারী প্রতি জোড়া ঝাড়ু ১২০ টাকায় নিতে চাইলেন। ওমর দাম ছাড়তে নারাজ। শেষ পর্যন্ত ১৩০ টাকায় রফা হলো।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলার গতকাল সোমবার বিকেলের ঘটনা এটি। ওমরের কাছ থেকে মোট পাঁচ জোড়া ঝাড়ু কিনছেন নগরের লালখান বাজারের বাসিন্দা ফাতেমা বেগম। তিনি বলেন, ‘সারা বছরের জন্য নিয়ে যাচ্ছি। প্রতিবছর এই মেলা থেকে ঝাড়ু এবং গৃহস্থালি সামগ্রী কিনি।’
তিন দিনের এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গতকাল। তবে দুপুরে আধা ঘণ্টার মুষলধারে বৃষ্টি মেলার ক্রেতা-বিক্রেতাদের উচ্ছ্বাসে যেন ‘পানি ঢেলে দিয়েছে’। কাঙ্ক্ষিত ক্রেতার দেখা না পেয়ে আকাশে মেঘ জমার মতো বিক্রেতাদের মনেও দুশ্চিন্তা ভর করে।
নগরের লালদীঘি মাঠকে ঘিরে আশপাশের বিভিন্ন সড়কের প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে বসেছে এই মেলা। এসব এলাকার সড়কে যান চলাচল কিছুটা সীমিত হয়ে পড়েছে।
ঝাড়ুর দোকানে ক্রেতার দেখা মিললেও বৃষ্টি ঠান্ডা করে দিয়েছে হাতপাখার ব্যবসা। অন্যবার মেলাজুড়ে হাতপাখার ফেরিওয়ালা দেখা গেলেও এবার তাঁদের সংখ্যা ছিল হাতে গোনা। তাঁদেরই একজন আশরাফ আলী। প্রথম আলোকে তিনি বলেন, কয়েক দিন ধরে বৃষ্টির কারণে আবহাওয়া এমনিতেই ঠান্ডা। এ কারণে হাতপাখার কদর কমে গেছে।
শীতলপাটি, মাদুর, গাছের চারা, ফুলের টব, পোশাক, রান্নার পাতিল, খেলনা, আসবাব, খাবারের দোকান কী নেই এই মেলায়! এখন বিক্রেতাদের প্রত্যাশা বাকি দুদিন যেন বৃষ্টি না হয়। টাঙ্গাইল থেকে বিক্রির জন্য মাটির টব, হাঁড়িপাতিল নিয়ে মেলায় এসেছেন কৃষ্ণ চন্দ্র পাল ও আনন্দ পাল। টানা ১০-১২ বছর ধরেই এই মেলায় অংশ নিচ্ছেন তাঁরা। কৃষ্ণ চন্দ্র বলেন, বাকি দুদিন বৃষ্টি হলে হয়তো এবার খালি হাতেই বাড়ি ফিরতে হবে।
দা, খুন্তি নিয়ে রাউজানের নোয়াপাড়া থেকে এসেছেন বিকাশ দাশ ও বোয়ালখালীর কানুনগোপাড়ার রূপন ধর। দুজনেই পাশাপাশি বসেছেন লালদীঘির পশ্চিম পাড়ে সড়কের ওপর। বিকাশ বলেন, এখানে বেচাকেনা ভালো হয়। তাই প্রতিবার আসেন তাঁরা।
প্রতিবছর বৈশাখ মাসের ১২ তারিখ জব্বারের বলীখেলা হয়। বলীখেলার এক দিন আগে লালদীঘির মাঠ ও আশপাশে বসে বৈশাখী মেলা। আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বলীখেলা। এবার বলীখেলার ১০৮তম আসর। বলীখেলায় গতবারের চ্যাম্পিয়ন সামশু বলীসহ প্রায় এক শ কুস্তিগির এবার অংশ নেবেন। তবে বলীখেলায় বৃষ্টি বাগড়া দেবে কি না এ শঙ্কা আয়োজকদের। আয়োজক কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, ‘সব প্রস্তুতি শেষ। এখন বৃষ্টি না হলেই বাঁচি।’
ব্রিটিশবিরোধী আন্দোলনে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে বকশিরহাটের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এই বলীখেলার প্রবর্তন করেছিলেন। তাঁর নামানুসারে এটি জব্বারের বলীখেলা নামে পরিচিতি পায়। আগামীকাল বুধবার মেলা আনুষ্ঠানিকভাবে শেষ হবে।