মেলার আয়োজনে আসামিরা, পরিদর্শনে জেলা জজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলায় আয়োজিত মাসব্যাপী ‘বিজয় মেলা’ পরিদর্শন করে বিতর্কের সৃষ্টি করেছেন জেলা ও দায়রা জজ মো. শাহ্জাহান। মেলার আয়োজকদের মধ্যে একটি দ্রুত বিচার মামলার প্রধান আসামিসহ নয়জন আসামি রয়েছেন। এতে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, জেলার প্রধান বিচারকের এ কর্মকাণ্ড মামলায় প্রভাব বিস্তার করতে পারে।জেলা প্রশাসন সূত্র জানায়, ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী মেলার অনুমতি বা পরিদর্শন করে থাকেন জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের এ ধরনের কোনো এখতিয়ার নেই।উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মনোহরদী পৌরসভা ভবনের সামনে এ মেলার আয়োজন করা হয়েছে। ১৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলবে। রোববার রাতে মেলা পরিদর্শনে আসেন গাজীপুর-৪ আসনের (কাপাসিয়া) সাংসদ সিমিন হোসেন, নরসিংদী-৪ আসনের (বেলাব-মনোহরদী) সাংসদ নুরুল মজিদ মাহমুদ, জেলা ও দায়রা জজ মো. শাহ্জাহান এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আইনজীবী মো. আসাদুজ্জামান।সূত্র জানায়, মেলার আয়োজকদের মধ্যে একটি দ্রুত বিচার মামলার নয়জন আসামি রয়েছেন। এঁরা হলেন: উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাসেদ মিয়া, মনোহরদী ডিগ্রি কলেজের ছাত্র সংসদের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম, আওয়ামী লীগের কর্মী আসাদ মিয়া, মাসুদ মিয়া, আল ইমরান ভূঁইয়া ও মনির হোসেন।ওই মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি মনোহরদী উপজেলা সহকারী ভূমি কমিশনার ফ্লোর বিলকিস জাহানকে সাত দিনের মধ্যে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়। ওই ঘটনায় মনোহরদী থানায় নয়জনকে আসামি করে একটি মামলা করা হয়। পরে মামলাটি দ্রুত বিচার আইনে স্থানান্তর করা হয়। মামলার প্রধান আসামি হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেলার সমন্বয়ক হাবিবুর রহমান। বাকিরাও মেলার আয়োজনের সঙ্গে জড়িত।মেলায় আগত দর্শনার্থী ও আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, মেলার নামে এখানে হাউজি, যাত্রা ও অশ্লীল নৃত্য পরিবেশনা চলছে। হাউজি আর অশ্লীল নাচ থেকে এবার সম্ভাব্য আয় ধরা হয় আড়াই থেকে তিন কোটি টাকা।জেলা ও দায়রা জজ মো. শাহ্জাহান সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে মেলা, সেখানে যাওয়া তো কারও বিধিনিষেধ নেই। আর মেলার অনুমতি আছে কি না, সেগুলো আমার দেখার বিষয় নয়।’জেলা প্রশাসক ওবায়দুল আজম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মেলার কোনো অনুমতি দেওয়া হয়নি। মেলায় হাউজি, যাত্রা ও অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মেলার সমন্বয়ক হাবিবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।