মেলার উদ্বোধন ও ত্রাণ বিতরণ করলেন সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গতকাল বুধবার নীলফামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের টাকা, ঢেউটিন ও কম্বল বিতরণ করেছেন। পরে তিনি একটি কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন।
সদর উপজেলা পরিষদের চত্বরে দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০৯টি পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার করে টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ফাতেমা, জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রশীদ, সদর উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ।
একই অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৫টি পরিবারকে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে দেওয়া ২ হাজার করে টাকা এবং সাড়ে ৩০০ শীতার্ত ব্যক্তিকে একটি করে কম্বল বিতরণ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক হাসিনা আহমেদ, নির্বাহী সদস্য মুজিবুল হাসান চৌধুরী, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুবপ্রধান মাসুদ সরকার প্রমুখ।
এ ছাড়া বেলা দেড়টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শহরের বড় মাঠে তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন মন্ত্রী আসাদুজ্জামান নূর। রংপুর কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক শাহ আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।