পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা সদরের মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠে গত শনিবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী আলোয়াখোয়া রাসমেলা। মাঠের পূর্ব দিকে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের তিনটি শ্রেণীকক্ষের দুটিতেই বানানো হয়েছে মেলার অফিস।
মেলার অফিস হিসেবে বিদ্যালয় ব্যবহারের জন্য আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছেন। এ অবস্থায় বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে বলে শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিযোগ করেছেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ে গিয়ে সেটি বন্ধ পাওয়া যায়। বিদ্যালয়ের মাঠে এবং আশপাশে হোটেল, দোকান, যাত্রা ও সার্কাসের মঞ্চ দেখা গেল। চারদিকে মাইকের শব্দ আর মানুষের কোলাহল। বিদ্যালয়টিকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সামনে বানানো হয়েছে সুদৃশ্য তোরণ। মেলার অফিস বসানোয় শিক্ষকেরাও স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, এখানে শতাধিক ছাত্রছাত্রী এবং চারজন শিক্ষক রয়েছেন।
অভিভাবকেরা জানান, প্রতিবছর মেলার অফিস হিসেবে ব্যবহারের কারণে বিদ্যালয়টি এক মাস বন্ধ থাকে। এবার মেলা শুরুর পাঁচ দিন পর থেকেই পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। আর ২ ডিসেম্বর শুরু হবে বার্ষিক পরীক্ষা। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। এ কারণে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল করতে পারে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেছুর রহমান বলেন, বিদ্যালয়ের তিনটি শ্রেণীকক্ষের মধ্যে দুটি কক্ষ রাসমেলার অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ জন্য ইউএনও চিঠি দিয়েছেন। এই চিঠির অনুলিপি জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিকেও দেওয়া হয়েছে। অফিস কক্ষ আর অন্য একটি শ্রেণীকক্ষে সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর এবং ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীর ক্লাস নেওয়া হয়। এতে কিছু অসুবিধা হলেও চালিয়ে নিতে হচ্ছে। স্কুল মাঠ, ভবন, শৌচাগার, নলকূপ, চেয়ার-টেবিল ব্যবহার ও বেঞ্চের ক্ষয়ক্ষতি হলেও মেলার আয় থেকে এই স্কুলে কোনো বরাদ্দ দেওয়া হয় না।
তবে অভিভাবক সপিরুল ইসলাম বলেন, মেলার কারণে গত রোববার থেকে স্কুলে কোনো ক্লাস হয়নি। এতে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে।
বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী কালিকাপুর গ্রামের সাহেরা ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সুয়েল রানা জানায়, মেলার জন্য স্কুল বন্ধ রয়েছে। মেলায় সারা দিনই মাইক বাজানো হচ্ছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রুমাছ আলী মুঠোফোনে বলেন, ‘বিদ্যালয়ে মেলার অফিস করার জন্য অসুবিধা হয়। এই সময়ে পুরোদমে ক্লাস চলার কথা থাকলেও আগামী এক মাসে ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাহত হবে। পড়াশোনা ব্যাহত হবে জেনেও ইউএনওর চিঠির পরিপ্রেক্ষিতে কক্ষ ছেড়ে দিতে বাধ্য হয়েছি।’
আটোয়ারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, বিদ্যালয়টিতে মেলার অফিস হিসেবে ব্যবহারের ব্যাপারে আপত্তি করেছিলাম। কিন্তু তাতে লাভ হয়নি। ইউএনও আশরাফুল ইসলাম বলেন, মেলা কমিটির সিদ্ধান্তে এটা করা হয়েছে। বিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকার কথা নয়। অন্য একটি ভবনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।