মেলার জন্য সাত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
জয়পুরহাটের আক্কেলপুরে দোলযাত্রা উপলক্ষে আয়োজিত মেলায় যাত্রাপালার নামে অশ্লীল নৃত্য প্রদর্শন করার অভিযোগ পাওয়া গেছে। এ মেলার কারণে একটি কলেজসহ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। শুধু তাই নয়, মেলার আইনশৃঙ্খলা রক্ষায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে অস্থায়ী পুলিশ ফাঁড়ি।এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিছু দিন পরে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এমন সময় মেলায় যাত্রাপালা ও অশ্লীল নৃত্য প্রদর্শনী চলায় পরীক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। মেলার কারণে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার কার্যক্রম বন্ধ থাকায় প্রায় দুই হাজার শিক্ষার্থী লেখাপড়া করতে পারছে না।স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী দোলযাত্রা উপলক্ষে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে মেলা আয়োজন করা হয়েছে। আক্কেলপুর উপজেলার মধ্যে মেলার স্থান হলেও পাশাপাশি হওয়ায় ক্ষেতলাল, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার লোকজন এখানে আসে। ২৪ মার্চ এ মেলা শুরু হয়। আয়োজক কমিটি ১৫ দিনের জন্য এ মেলা চালানোর অনুমোদন নিয়েছে। গত ২৮ মার্চ দুপুরে মেলায় গিয়ে দেখা গেছে, গোপীনাথপুর বাজারসহ পুরো মেলা সাড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। এ সময় ওই এলাকার গোপীনাথপুর টেকনিক্যাল বিএম কলেজ, গোপীনাথপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়, গোপীনাথপুর বালিকা বিদ্যালয়, গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইজমা কিন্ডারগার্টেন, গোপীনাথপুর এবতেদায়ি মাদ্রাসা, একটি কওমি মাদ্রাসাসহ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাওয়া যায়নি। গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় তলা এবং নিচতলায় পুলিশ ফাঁড়ি। সামনে জলেশ্বরী বড় দিঘি পুকুর। এই পুকুরের চারদিকে মেলা অবস্থিত। পুকুরের দক্ষিণ পাশে বালিকা বিদ্যালয়ের মাঠের সামনে যাত্রাসহ গানের চারটি প্যান্ডেল, প্রসাধনী সামগ্রী, বাইসাইকেল, মোটরসাইকেল ও মিষ্টির দোকান। এক এইচএসসি পরীক্ষার্থীর অভিভাবক আক্কেলপুরের বারইল গ্রামের সামছার আলী বলেন, ‘সকাল-সন্ধ্যায় ছেলেরা মেলায় আড্ডা মারছে।’ মেলার পাশের তাউসারা গ্রামের মিলন মোল্লা, বারইল গ্রামের নুরুজ্জামন মণ্ডল ও নুরুল আমিন জানান, এই মেলার যে ঐতিহ্য ছিল তা হারিয়ে গেছে। এখন এখানে যাত্রাপালার নামে অশ্লীল নৃত্য প্রদর্শন করা হচ্ছে। গোপীনাথপুরের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, স্থানীয় একটি সুবিধাবাদী চক্র যাত্রাপালায় দর্শক বাড়ানোর জন্য প্রশাসনকে ম্যানেজ করে অশালীন নৃত্যের আয়োজন করছে। এতে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। গোপীনাথপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোজাহার আলী বলেন, তাঁরা বিদ্যালয় বন্ধ রাখেন না। মেলার কারণে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে না। শিক্ষকেরা প্রতিদিন উপস্থিত থাকেন। এ কারণে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজুমান বানু বলেন, অভিভাবকেরা মেলার ভিড়ে মেয়েদের বিদ্যালয়ে আসতে দেন না। তবে শিক্ষকেরা নিয়মিত বিদ্যালয়ে আসেন।মেলা কমিটির সভাপতি ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ‘আমি নামেমাত্র সভাপতি। চেয়ারম্যান হিসেবে পদাধিকার বলে সভাপতি হলেও কমিটির সব কাজ করেন এখানকার হিন্দু পরিবারগুলোর প্রধান রণেন্দ্র কৃষ্ণ প্রিয়া ও সুভেন্দ্র কৃষ্ণ প্রিয়া। সুভেন্দ্র কৃষ্ণ প্রিয়ার সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।ইউএনও এস এ এম রফিকুন্নবী জানান, অশ্লীলতার অভিযোগে মেলায় পুতুলনাচ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া যাত্রাপালায় যাতে কোনো অশ্লীল নাচ পরিবেশ না করা হয়, সে জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্তক করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নায়ার সুলতানা বলেন, ‘প্রশাসনের নির্দেশে প্রতি বছর এ সময় গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি বসানো হয়। মেলার নিরাপত্তার জন্য বিদ্যালয় বন্ধ রেখে ফাঁড়ি বসানো হচ্ছে। এখানে আমাদের কিছুই করার নেই।’ আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ‘আমার কাছে অশ্লীল নৃত্য প্রদর্শন করার অভিযোগ এসেছে। আমি নিজে মেলায় গিয়ে নগ্ন নৃত্য পরিবেশন বন্ধ করতে বলব। তাতে কাজ না হলে যাত্রা ও মিনি যাত্রার অনুমতি বাতিলের সুপারিশ করব।’