মেলার টানে প্রবাসী লেখকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিরাম পথ খোঁজা িরাজুল ইসলাম চৌধুরী, আলোকিত মুখচ্ছবি গোলাম মুরশিদ, লাল জেব্রার ম্যাজিক লুৎ​ফর রহমান রিটন ছবি: সৈয়দ এনায়েত হোসেন, জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার ১ বিব্রত ময়ূর রাসেল রায়হান
অবিরাম পথ খোঁজা িরাজুল ইসলাম চৌধুরী, আলোকিত মুখচ্ছবি গোলাম মুরশিদ, লাল জেব্রার ম্যাজিক লুৎ​ফর রহমান রিটন ছবি: সৈয়দ এনায়েত হোসেন, জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার ১ বিব্রত ময়ূর রাসেল রায়হান

দিন যত যাচ্ছে, মেলার আকর্ষণও তত বাড়ছে। বাড়ছে লেখক, প্রকাশক, পাঠক আর বইয়ের বন্ধন। ভালোবাসার এই মেলবন্ধনে অনুপস্থিত থাকতে চান না প্রবাসী লেখকেরা। এমন অনেক লেখক আছেন, যাঁরা বার্ষিক ছুটি কাটানোর জন্য ফেব্রুয়ারি মাসকেই বেছে নেন। কাছের-দূরের এই লেখকেরাই আড্ডায় মাতিয়ে রাখছেন বইমেলা।
দেশের বাইরে বসবাসকারী লেখকদের সঙ্গে পাঠকেরাও মেলা নিয়ে একটু বেশিই আবেগাক্রান্ত। তাঁরা মেলার আড্ডা যেমন উপভোগ করেন, তেমনি মেলা থেকে বই কেনার কাজটাও করেন গুরুত্বের সঙ্গে। নিজের পছন্দের বইগুলো সংগ্রহ করেন মেলা থেকে।
লেখক দম্পতি পূরবী বসু ও জ্যোতিপ্রকাশ দত্ত বইমেলাকে কেন্দ্র করে ঢাকায় এসেছেন গেল মাসের শেষে। ‘জীবনকালে তিনটি পাওয়া আমার জনমকে ধন্য করেছে—ভাষা আন্দোলন, স্বাধীনতাযুদ্ধ এবং একুশে বইমেলা। সারা বছর উন্মুখ হয়ে থাকি ফেব্রুয়ারির জন্য, কখন মেলায় আসব।’ বললেন পূরবী বসু।
জ্যোতিপ্রকাশ দত্ত জানালেন, নতুন বইয়ের পাশাপাশি মেলায় আসার আরেকটি কারণ হলো, এখানে এলে নতুন-পুরোনো সবার সঙ্গে দেখা হয়। সার্থক মিলনমেলা এটি।
গতকাল বুধবার বইমেলা নিয়ে আলাপচারিতায় কানাডাপ্রবাসী কবি ও গল্পকার ইকবাল হাসান বলেন, ‘গত ৩০ বছরের প্রবাসজীবনে ২৮ বার শুধু বইমেলাকে কেন্দ্র করে দেশে এসেছি। কোনো বছর বইমেলায় আসতে না পারলে ভীষণ কষ্ট পাই, সারা বছরই মনের ভেতর গভীর শূন্যতা কাজ করে।’ জানালেন, এবারের মেলায় ইতিমধ্যে ছয়টি নতুন বই এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য সময় প্রকাশন থেকে আসা আলো আঁধারে কয়েকটি সোনালি মাছ।
ছড়াকার লুৎফর রহমান রিটন আসছেন প্রতিদিনই। বললেন, ‘আমি প্রতিবছর এই সময়টায় কানাডা থেকে বাংলাদেশে আসি মূলত বইমেলাকে কেন্দ্র করেই। একুশের বইমেলা হচ্ছে আমাদের প্রাণের মেলা। এই মেলাটি নিছক বই কেনাবেচার মেলা নয়। পৃথিবীর আর কোনো বইমেলার সঙ্গে এর কোনো তুলনাই চলে না। একুশের বইমেলা আমাদের চেতনাকে নবায়ন করে।’ এবার মেলায় এসেছে তাঁর মোট পাঁচটি নতুন বই। এর মধ্যে উল্লেখযোগ্য চন্দ্রাবতী একাডেমি থেকে আসা ছোটদের ছড়ার বই লাল জেব্রার ম্যাজিক। কথাপ্রকাশ থেকে এসেছে স্মৃতিকথার বই ভ্রমর যেথা হয় বিবাগি।
শামীম আজাদ লন্ডন থেকে ছুটে এসেছেন একুশের বইমেলার ধুলো গায়ে মাখতে। তাঁর মতে, একুশে বইমেলা স্থানীয় হলেও এর আবেদন, আকর্ষণ ও আন্দোলনটা বিশ্বের সব বাঙালির। বললেন, বাংলাদেশের মানচিত্রের ভেতরে-বাইরে বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস নিয়ে যে কাজগুলো হচ্ছে, তা সব মিলে বাংলাদেশের অবস্থান নির্মাণ করে এবং এর বহিঃপ্রকাশ ঘটে এই মেলায়।
সাইফুল্লাহ মাহমুদ এসেছেন ফেব্রুয়ারির ৬ তারিখে। শুধু নতুন বইয়ের গন্ধ নিতে এক বছর বিরতি দিয়ে এসেছেন মেলায়। এবার তাঁর ছয়টি নতুন বই বেরিয়েছে। এর মধ্যে অন্যপ্রকাশ এনেছে তোমার বাড়ি কত দূর।
মেলায় প্রথমা প্রকাশন এনেছে প্রবাসী লেখক হায়দার আলী খানের মুক্তিযুদ্ধের দিনগুলি: প্রবাসে আলোর গান। লেখক মেলায় এসেছিলেন এক দিন। এই প্রতিষ্ঠানে আছে প্রবাসী লেখক মঈনুস সুলতানের রোড টু কান্দাহার ও ঘুরে বেড়াই আদিম গুহায়। লেখক বর্তমানে সিয়েরা লিওনে অবস্থান করছেন।
তরুণ লেখক আশা নাজনীন অস্ট্রেলিয়া থেকে আসতে পারেননি। তবে মেলায় এসেছে তাঁর দ্বিতীয় গ্রন্থ স্বামীসূত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মন্তব্য, মনটা দেশেই পড়ে আছে। একুশে বইমেলায়!
বুধবারের মেলা প্রাঙ্গণ
বুধবার শেষ বিকেলে হঠাৎ চমকে ওঠে মেলা প্রাঙ্গণ। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে মিছিল করে মেলায় প্রবেশ করেন দলের কর্মীরা। বইটির মোড়ক উন্মোচন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনিও এসেছেন বিশাল এক দল নিয়ে। আবদুস সোবহান গোলাপের বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দর্শন: ডিজিটাল বাংলাদেশ অ্যান্ড সোশ্যাল চ্যালেঞ্জ বইটি এনেছে জিনিয়াস পাবলিকেশন। অনিন্দ্য প্রকাশ থেকে আসা শাহজাদা সেলিমের ডায়াবেটিসের উপর নজর রাখুন: নিজেকে রক্ষা করুন এবং গর্ভকালীন ডায়াবেটিস ও থায়রয়েড হরমোনজনিত সমস্যা ও করণীয় বই দুটোর মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান। এ ছাড়া গতকাল কবি মামুন মিজানুর রহমানের প্রথম গল্পগ্রন্থ হেসে হেসে ডুবেছিল চাঁদ-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মোট ৩১টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয় গতকাল।
মেলায় প্রথমা প্রকাশন এনেছে সিরাজুল ইসলাম চৌধুরীর অবিরাম পথ খোঁজা এবং জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার পাওয়া রাসেল রায়হানের বিব্রত ময়ূর। অবসর এনেছে গোলাম মুরশিদের আলোকিত মুখচ্ছবি।
একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী মেলার ১৫তম দিনে নতুন ১৪৩টি বই প্রকাশিত হয়েছে।