মেলার ডাক নিয়ে আ.লীগ-ছাত্রলীগের সংঘর্ষ, গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বারুনী মেলার ডাক নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে।
বারুনী মেলা উদ্যাপন কামিটির আহ্বায়ক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মেলার ডাক হয়। ডাকে ২০ হাজার টাকায় মন্দির কমিটিকে মেলার দায়িত্ব দেওয়া হয়।
উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক মুক্তি চন্দ্র সরকার জানান, উপজেলায় ডাক হওয়ার পর মন্দির কমিটি মন্দিরে পুনরায় ডাকের উদ্যোগ নেয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের সহযোগিতা করছিলেন। হঠাৎ করেই সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউরসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী এসে ডাকের নিয়ন্ত্রণ নিয়ে নেন। এ সময় এক লাখ ৪০ হাজার টাকায় স্থানীয় ব্যবসায়ী আবু সাইদ মেলা ডেকে নেন। আতাউর রহমান মন্দির কমিটিকে এক লাখ টাকা দেন। মেলার ডাককে কেন্দ্র করে তখন থেকেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
ছাত্রলীগের নেতা মো. সবুজ বলেন, আতাউর রহমানের নির্দেশে বিকেল পাঁচটার দিকে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী হাইস্কুল মাঠের পাশে ছাত্রলীগের কার্যালয়ে হামলা করেন। তখন তাঁরা তিনটি গুলি ছোড়েন এবং কার্যালয়ের সামনে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীদের চারটি মোটরসাইকেল ভাঙচুর করেন। নবাবগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল সাইদ বলেন, এ ঘটনায় আতাউর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।