মেলার তীর্থযাত্রীর ছদ্মাবরণে হরিণ শিকারের প্রস্তুতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের দুবলারচরে ১৯ নভেম্বর থেকে বসছে রাস পূর্ণিমা উপলক্ষে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় রাসমেলা। এবারও মেলায় দেশ-বিদেশের লাখো মানুষ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। মেলাকে কেন্দ্র করে একটি চক্র তীর্থযাত্রীর ছদ্মাবরণে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।সুন্দরবন এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সৌন্দর্যের আধার, নানা রহস্যের হাতছানি আর কিংবদন্তিতে ভরা সুন্দরবনের দুবলারচর। বছরের পর বছর ধরে সাগরস্নান উপলক্ষে সুন্দরবন ও বঙ্গোপসাগরের মিলনস্থল দুবলারচরে বসে রাসমেলা। তবে অনেকে বলে থাকেন সাগরমেলা। সুন্দরবনের পশ্চিম বন বিভাগ সূত্রে জানা গেছে, মেলা তিন দিনের হলেও আগে-পরে মিলিয়ে এর স্থায়িত্ব থাকে সপ্তাহজুড়ে। এবার গঙ্গাস্নান হবে ২০ নভেম্বর। মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য বন বিভাগ আটটি পথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে। এ ছাড়া হরিণ মারার ফাঁদ, গাছ কাটার অস্ত্র ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। বন বিভাগের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় ২০টি চোরা শিকারি দলের সদস্যের সংখ্যা ৯৬ জন। এসব শিকারি সারা বছর হরিণ শিকারের চেষ্টা চালায়।সুন্দরবনসংলগ্ন গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মঞ্জুর হোসেন, বুড়িগোয়ালিনী ইউপির সদস্য ডালিম ঘোরমি ও আতিয়ার রহমান জানান, চোরা শিকারি দলের সদস্যরা রাসমেলা উপলক্ষে হরিণ শিকারে তৎপর হয়ে উঠেছে। ইতিমধ্যে তারা নানা রকম প্রস্তুতি নিয়েছে। এসব শিকারি সাধারণত দায়েরগাং, কাঁচিকাটা, আঠারোবেকি, ফিরিঙ্গি, কুকুমারি, চোরামেঘনা, কালীরচর ও বিবিরমেদে এলাকাকে শিকারের স্থান হিসেবে বেছে নেয়।শ্যামনগর আতরজান মহিলা কলেজের অধ্যক্ষ আশেক-ই-এলাহি ও সুন্দরবন নিয়ে গবেষণামূলক প্রতিষ্ঠান বারসিকের গবেষণা কর্মকর্তা শাহীন ইসলাম জানান, সুন্দরবনে সারা বছর যে পরিমাণ হরিণ শিকার হয়, তার চেয়ে অনেক বেশি শিকার হয় রাসমেলার সময়। এই শিকারে শুধু চোরা শিকারিরা অংশ নেয় তা নয়, প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সুধীজন প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহায়তা করেন এবং অংশ নিয়ে থাকেন। শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবর কবীরের অভিযোগ, ৫ নভেম্বর হরিণ শিকার করে ফেরার সময় সুন্দরবনের চুনকুড়ি নদীর দোহার থেকে দুজনকে গ্রেপ্তার ও একটি শিকার করা হরিণ উদ্ধার করা হয়। এ নিয়ে আরও কয়েকজনের নামে মামলাও হয়। এ ঘটনায় শ্যামনগর, কালীগঞ্জ ও সাতক্ষীরার কয়েকজন প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তি জড়িত—এমন সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। সুন্দরবনের পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. জহিরউদ্দিন জানান, তীর্থযাত্রীর ছদ্মাবরণে কেউ যাতে হরিণ শিকার কিংবা সুন্দরবনের সম্পদ বিনষ্ট করতে না পারে এ জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। রাসমেলা উপলক্ষে সুন্দরবনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। ১৮ নভেম্বর থেকে পুলিশ, কোস্টগার্ড ও বন প্রহরীদের যৌথ টহল শুরু হবে।