মেলার দায়িত্ব নিতে চান প্রকাশকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অমর একুশে গ্রন্থমেলার ২৬তম দিনে গতকাল বাংলা একাডেমি প্রাঙ্গণে নেমেছিল মানুষের ঢল। প্রকাশকেরা বলেন, মেলার সর্বশেষ সাপ্তাহিক ছুটির দিনটিতে এ রকমই হয়। আজ ২৭ ফেব্রুয়ারি শনিবার গ্রন্থমেলা শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং শেষ হবে রাত আটটায়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মেলায় ঢুকতে একদিকে দোয়েল চত্বর, অন্যদিকে টিএসসি ছাড়িয়ে বিস্তৃত লাইন ছিল। কেউ কেউ আবার লাইন নিয়ন্ত্রণে নিযুক্ত পুলিশ ও র্যা ব সদস্যদের অতিরিক্ত কড়াকড়িতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে অভিযোগ করেন। তবে নিরাপত্তার খাতিরে তা মেনে নিয়েছেন তাঁরা। বই কেনাবেচার পাশাপাশি হয়েছে আড্ডা, অটোগ্রাফ নিয়ে লেখকের সঙ্গে সেলফি, প্রয়াত লেখককে স্মরণ, প্রকাশকদের দাবিদাওয়া নিয়ে সংবাদ সম্মেলনসহ নানা আয়োজন!
তবে বিক্রেতারা খুশি হয়েছেন সেই সব ক্রেতার দেখা পেয়ে, যাঁরা হাতে নিয়ে এসেছিলেন বইয়ের তালিকা, আর এক স্টল থেকেই কিনছিলেন অনেকগুলো করে বই। তেমনি একজনকে দেখা গেল সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতাস্তম্ভের কাছাকাছি ২১৩ থেকে ২১৬ নম্বরের প্রথমা প্রকাশনের সামনে। ওয়াহিদুল হক, পেশায় তিনি চিকিৎসক। প্রথমা থেকে নিজে কিনলেন অনেকগুলো বই; যেমন মুহাম্মদ হাবিবুর রহমানের নাগরিকদের জানা ভালো, আনিসুল হকের যারা ভোর এনেছিল, মহিউদ্দিন আহমদের বিএনপি: সময়-অসময়। তাঁর স্ত্রী মাহবুবা লিপি কিনলেন নকশা ১০০ রান্না: ইলিশ ও মালেকা বেগমের শুভ্র সমুজ্জ্বল: জীবনসঙ্গীর আয়নায় ও অন্যান্য। সেখান থেকে গেলেন পাশেই থাকা পাঠক সমাবেশের স্টলে। কিনলেন রবীন্দ্রসমগ্র। একটু এগিয়ে কথা প্রকাশ ও ইত্যাদি থেকে কিনলেন আরও বেশ কিছু বই। দুই হাতে ব্যাগভর্তি বই, কিনেই চলেছেন তাঁরা। কাল এ রকম ক্রেতা ছিল অনেক। সকাল, সন্ধ্যা দুবেলাতেই।
মেলা প্রকাশকদের হাতে ছেড়ে দেওয়ার দাবি: আগের দিন বৃহস্পতিবার গণমাধ্যমকে মুঠোফোনে যোগাযোগ করে বিকেল চারটার কর্মসূচি জানিয়েছিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক। সে অনুযায়ী কাল বিকেলে প্রকাশকেরা হাজির হন সোহরাওয়ার্দী উদ্যান অংশের মোড়ক উন্মোচন মঞ্চে। এ সময় তাঁরা আগামীবার থেকে অমর একুশে গ্রন্থমেলা আয়োজনের ভার প্রকাশকদের হাতে ছেড়ে দেওয়ার দাবি জানান। মেলার বাকি তিন দিন বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা রাখা এবং বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বইয়ের ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তাঁরা।
গতকাল মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের মোড়ক উন্মোচন মঞ্চে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির সভাপতি ওসমান গনি। লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাবেক নির্বাহী পরিচালক মিলন কান্তি নাথ। বক্তব্য দেন অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী মুনিরুল হক ও চারুলিপি প্রকাশনের হুনমায়ূন কবির। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘তাঁদের এ উদ্যোগকে স্বাগত জানাই। তাঁরা যদি সত্যিই এ দায়িত্ব নিতে চান, সেটি খুবই ভালো হবে। আমরা তাহলে সময় নিয়ে মনোযোগ দিয়ে গবেষণার কাজ করতে পারব।’
অভিজিৎ স্মরণে নীরবতা পালন: মুক্তচিন্তার লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে এক মিনিট নীরবতা পালন করেছে বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। বিকেল চারটা থেকে চারটা এক মিনিট পর্যন্ত নীরবতা পালন করা হয়। নীরবতা পালনের পরে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘মৌলবাদী-সাম্প্রদায়িক চক্র মুক্তবুদ্ধির লেখকদের হত্যার মধ্য দিয়ে দেশে অন্ধকারের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। তাদের অপতৎপরতার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।’ নীরবতা পালন ছাড়াও মেলার দুই মঞ্চের পাশে ছিল কালো ব্যানার।
সকালে ছিল শিশু প্রহর: শুক্রবার এবারের মেলার শেষ শিশু প্রহরে ছিল শিশুদের উল্লেখযোগ্য অংশগ্রহণ। তাদের আগমন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উন্মুক্ত হয় মেলার দ্বার। শিশুদের এক হাতে ধরা ছিল বাবা-মা কিংবা অভিভাবকের হাত, আর অন্য হাতে নতুন বইয়ের প্যাকেট।
মেলায় প্রথমা প্রকাশন এনেছে নারী ১৯৭১: নির্যাতিত ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার বইটি। বইটিতে মুক্তিযুদ্ধের কিছু বিস্ময়কর অভিজ্ঞতার কথা আছে অংশগ্রহণকারী, প্রত্যক্ষদর্শী, নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত নারীদের বয়ানে। বইটি লিখেছেন রাশেদুর রহমান। পাঠক সমাবেশ এনেছে আবুল আহসান চৌধুরী সম্পাদিত মীর মশাররফ হোসেন: অপ্রকাশিত ডায়েরি, অন্দিন্দ্য প্রকাশ এনেছে আলাউদ্দিন আল আজাদের অগ্রন্থিত রচনাসমগ্র, ঐতিহ্য এনেছে পিয়াস মজিদের এলোমেলো ভাবনাবৃন্দ।