মেলার নামে অশ্লীল নাচ, জুয়ার আসর
বরগুনায় গত শুক্রবার ফের আনন্দ মেলার নামে অশ্লীল নাচ ও জুয়ার আসর শুরু হয়েছে। এ কারণে এলাকায় সচেতন লোকজনের মধ্যে সৃষ্টি হয়েছে উদ্বেগ।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত শহরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) পাশের মাঠে আনন্দ মেলার আয়োজন করেন স্থানীয় যুবলীগের কয়েকজন নেতা-কর্মী। জেলা প্রশাসন থেকে সাত দিনের অনুমতি নিয়ে এই অনুষ্ঠান শুরু হলেও পরবর্তী সময়ে তা আরও তিন দিন বাড়িয়ে ১০ দিন করা হয়। সেই ১০ দিনের মেয়াদ ৬ মে শেষ হলেও মেলার নামে এসব কর্মকাণ্ড ৯ মে পর্যন্ত অব্যাহত ছিল। ১০ মে প্রশাসন মেলা বন্ধ করে দেয়। পরে ২০ মে সাত দিনের অনুমতি নিয়ে পুনরায় ওই অনুষ্ঠানের আয়োজন করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, সেখানে শুধু যাত্রানুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই অনুষ্ঠানে যাত্রা ছাড়াও চার ধরনের জুয়া এবং র্যাফেল ড্র হয়। যাত্রার প্যান্ডেলের পেছনে আলাদা বড় প্যান্ডেল করা হয়েছে। রাত নয়টার পর সেখানে শুরু হয় জুয়ার আসর। এখানে রাতভর জুয়া খেলতে বরগুনার বিভিন্ন উপজেলা ছাড়াও মাইক্রোবাস ও বিভিন্ন যানবাহনে করে মাদারীপুর, ফরিদপুর, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে লোক আসে। এ ছাড়া ১০ টাকা মূল্যের ‘দৈনিক তামান্না র্যাফেল ড্র’-এর নামে প্রতিদিন গড়ে ১০-১২ হাজার টিকিট বিক্রি করে হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রানুষ্ঠানের নামে গভীর রাতে সেখানে চলে অশ্লীল নাচ। এলাকার বেশ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছোট ছোট ছেলেরা অশ্লীল নাচ-গান ও জুয়ার আসরে গিয়ে বখে যাচ্ছে। যাত্রানুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ইমাম হোসেন বলেন, এলাকার মানুষের বিনোদনের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি সেখানে অশ্লীল নাচ ও জুয়ার আসর চলার বিষয়টি অস্বীকার করেন। জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী গত সোমবার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখি। এ ধরনের কিছু চললে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’