নওগাঁর বদলগাছী উপজেলার মির্জাপুর গ্রামের মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে হাউজি, জুয়া, লটারি ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি৷ গত সোমবার উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে ওই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে স্থানীয় প্রশাসনকে মেলা ভেঙে দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়।
প্রতিরোধ কমিটি জানায়, সোমবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলা মানববন্ধনে উপজেলা পরিষদের চেয়ারম্যান রুমি চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফজলুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রুমি চৌধুরী, ফজলুল হক, প্রতিরোধ কমিটির সদস্য সচিব চিকিৎসক সামসুল হক, শিক্ষক আবদুস সোবহান, বদলগাছী সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান ও রেজাউল করিম। বক্তারা শুক্রবারের মধ্যে স্থানীয় প্রশাসনকে ওই মেলা ভেঙে দেওয়ার সময় বেঁধে দেন৷ অন্যথায় শুক্রবারের পর হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
বক্তারা আরও জানান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ক্লাবের নামে বালুভরা ইউনিয়নের ওই গ্রামে ২৮ মার্চ থেকে মেলার আয়োজন করা হয়। প্রতি রাতেই ওই মেলাতে জুয়া ও অশ্লীল নাচ চলে। এ মেলার কারণে এলাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড বেড়ে গেছে।
বালুভরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল এমরান হোসেন অভিযোগ করে বলেন, ওই মেলার কারণে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। তিনি মেলা বন্ধ করতে ইউএনও হুসাইন শওকত ও থানার ওসি অনুরোধ জানিয়েছেন। কিন্তু প্রশাসন মেলাটি বন্ধে কোনো উদ্যোগ নিচ্ছে না। এ ছাড়া তিনি মেলা কমিটির সভাপতি সাজ্জাদ হোসেনকেও জুয়া ও অশ্লীল নাচ না চালানোর অনুরোধ করেছিলেন। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।
ইউএনও হুসাইন শওকত প্রথম আলোকে জানান, হাইকোর্টে িরট থাকায় মেলাটি বন্ধ করা যাচ্ছে না।