মেলার নামে অশ্লীল নৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই সাংস্কৃতিক কলেজ মাঠে কার্তিক মেলার নামে পাঁচ দিন ধরে অবাধে চলছে জুয়া ও অশ্লীল নৃত্য। মেলার অযোজকেরা আওয়ামী লীগ ও বিএনপির প্রভাবশালী নেতা হওয়ায় এলাকাবাসী প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।
এলাকার বেশ কয়েকজন এবং প্রত্যক্ষদর্শীরা জানান, কার্তিক পূজা উপলক্ষে মেলার আয়োজনের উদ্যোগ নেন আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় কয়েকজন নেতা। মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক করা হয় খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নূরে আলম সেরনিয়াবাদকে। এ ছাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আকন সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. শাহজাহানসহ উভয় দলের কয়েকজন নেতাকে কমিটির সদস্য করা হয়। এ ছাড়া মেলার উপদেষ্টা পরিষদে আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব মাতুব্বর।
গত ১৫ নভেম্বর নূরে আলম সেরনিয়াবাদ সাত দিনের জন্য মেলার অনুমতি চেয়ে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহ আলম খানের কাছে আবেদন করেন। উপজেলা চেয়ারম্যান সুপারিশসহ এ ব্যাপারে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান। স্থানীয় সূত্র জানায়, গত ১৬ নভেম্বর থেকে মেলার পাশাপাশি ছক্কা-পাঞ্জার জুয়ার বোর্ড বসিয়ে দিন-রাত অবাধে জুয়া খেলা চালিয়ে যাচ্ছেন আয়োজকেরা। পুতুল নাচের নামে মেলায় চলছে অশ্লীল নৃত্য।
স্থানীয় হাসিবুর রহমান, জানে আলম, তৈয়ব আলী সরদারসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, মেলায় উচ্চ শব্দে মাইক বাজানোর কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। মেলার অয়োজকেরা প্রভাবশালী রাজনৈতিক নেতা হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। নূরে আলম সেরনিয়াবাদ, মতলেব মাতুব্বর, মো. শাহজাহান মেলায় জুয়া ও অশ্লীল নৃত্যের অভিযোগ অস্বীকার করে বলেন, লটারি খেলা, ম্যাজিক খেলা চলে কিন্তু জুয়া খেলার কথা ঠিক নয়। আকন সিদ্দিকুর রহমান বলেন, ‘মেলার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।’