মেলার নামে অশ্লীল নৃত্য, জুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সিটি করপোরেশনের ট্রাক টার্মিনালে এক বছরেরও বেশি সময় ধরে মেলার নামে অশ্লীল নৃত্য, জুয়া ও মাদকের আসর চলছে।
ওই মেলা বন্ধের জন্য সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেনকে অনুরোধ করেছেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার। ওই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে।
অনুসন্ধানে জানা গেছে, ২০১৩ সালের জানুয়ারি মাসে কোনো অনুমতি ছাড়াই শিমরাইল ট্রাক টার্মিনালে এই মেলা শুরু হয়। মেলা নির্বিঘ্নে পরিচালনার জন্য ওই বছরের ১৭ এপ্রিল সিদ্ধিরগঞ্জের শিমরাইলের ফরহাদ হোসেন হাইকোর্টের একটি বেঞ্চে আবেদন করেন। আবেদনে বলা হয়, ফরহাদ শিমরাইল ট্রাক টার্মিনালে ইনডোর গেমস পরিচালনা করবেন (ওয়ান টেন, ওয়ান এইট, তাস খেলা, চার্চারি, ডাইস, হাউজি খেলা, র‌্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান; গীতিনাট্য ও যাত্রাপালা)। ওই সব কাজে কেউ যাতে বাধা না দেয় এবং হস্তক্ষেপ না করে সে ব্যাপারে আদালত রুল জারি করেন। একই সঙ্গে আদালত এই মর্মেও নির্দেশ দেন মেলায় যাতে ইনডোর গেমসের নামে অবৈধ কর্মকাণ্ড করা না হয় এবং দেশের প্রচলিত আইনের ব্যত্যয় ঘটালে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেন।
মেলার নামে যা হচ্ছে: এক বছরের বেশি সময় ধরে প্রতিদিন বিকেল চারটা থেকে ভোর চারটা পর্যন্ত মেলার কার্যক্রম চলে। পবিত্র রমজান মাসেও মেলা বসেছে। মেলায় জুয়ার বোর্ড বসে পাঁচটি, লাকি কুপনের র‌্যাফল ড্রর আসর একটি। বিয়ার, মদ, ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা টাকা দিলেই পাওয়া যায়। প্রতি রাতে কমপক্ষে ৫০ লাখ টাকার ওয়ানটেন জুয়া খেলা হয়। এ ছাড়াও চরকি, চক্কা, তাস দিয়েও লাখ লাখ টাকার জুয়া খেলা হয়। ঢাকার ক্লাব পাড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের জুয়াড়িরা ভিড় জমান এই মেলায়। সন্ধ্যার পর থেকে প্রাইভেট কার নিয়েও জুয়াড়িরা আসেন এই মেলায়। জনতা র‌্যাফল ড্র নামের লাকি কুপন বিক্রি করে মোটরসাইকেল (সপ্তাহে দুটি) ছাড়াও অন্যান্য সামগ্রী পুরস্কার দেওয়া হয়। সিদ্ধিরগঞ্জ ও পাশের কাঁচপুর শিল্পাঞ্চলে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত একটি রিকশা ভ্যানের ওপর নতুন মোটরসাইকেল বসিয়ে মাইকিং করা হয়। প্রতিদিন চার-পাঁচ লাখ টাকার কুপন বিক্রি হলেও পুরস্কার দেওয়া হয় সর্বোচ্চ ৫০ হাজার টাকার।
রাত ১২টার পর যাত্রাপালার নামে মঞ্চে শুরু হয় অর্ধনগ্ন নৃত্য। প্রতি বৃহস্পতিবার রাতে অশ্লীলতার অভিযোগ ওঠা বাংলা চলচ্চিত্রের কোনো অভিনেত্রীকে আনা হয় নাচের জন্য। প্রতি বৃহস্পতিবারের যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আলাদা পোস্টার ছাপিয়ে ও মাইকিং করে ব্যাপক প্রচারণা চালানো হয়। জুয়া, মাদক ও যাত্রার নামে অশ্লীল নৃত্য চালিয়ে প্রতি রাতে ১০ লাখ টাকা এবং বৃহস্পতিবার রাতে ২০-৩০ লাখ টাকা আয় হচ্ছে আয়োজকদের।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় একাধিক এলাকাবাসী জানান, মেলার মূল আয়োজক কাউন্সিলর নূর হোসেন। শিমরাইল ট্রাক টার্মিনালের ভেতরে তিনি নিজের কার্যালয় বানিয়েছেন। নূর হোসেন আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন শিমরাইল শাখারও সভাপতি।
মেলা আয়োজন ও সিটি করপোরেশনের চিঠি সম্পর্কে নূর হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি। মেলা পরিচালনাকারীদের অন্যতম রহম আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হাইকোর্টের অনুমোদন নিয়ে মেলা বসানো হয়েছে।