মেলার পর খেলার মাঠ অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার একমাত্র খেলার মাঠ সার্কিট হাউস ময়দান এখন ব্যবহারের অনুপযোগী অবস্থায় পড়ে আছে। বাণিজ্য মেলার পর মাঠটি পরিষ্কার ও সংস্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত ১০ এপ্রিল সার্কিট হাউস মাঠে ১১তম বাণিজ্য মেলার আয়োজন করে খুলনা শিল্প ও বণিক সমিতি। মেলার জন্য মার্চ মাস থেকে প্রস্তুতি শুরু হয়। ২ জুন মেলা শেষ হয়। মেলা শেষ হওয়ার ২০ দিন অতিবাহিত হলেও মাঠটি এখনো পরিষ্কার ও সংস্কার করা হয়নি।মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, মাঠের প্রবেশমুখে বড় তোরণ। অর্ধভাঙা অবস্থায় পড়ে আছে পানির ফোয়ারা। মাঠ বিভিন্ন খানাখন্দে ভরা। প্রবেশমুখে লেখা রয়েছে, ‘এখানে সুলভমূল্যে ইট বিক্রি করা হয়।’ এ সময় ইটের স্তূপের পাশে ছামিয়ানা টানিয়ে বসা দেবু বলেন, ‘দুই লাখ ইটের মধ্যে মাত্র ৬০ হাজার ইট রয়েছে। পরিবহনের সমস্যার জন্য ইট সরাতে পারছি না। তিন-চার দিনের মধ্যে ইট সরিয়ে ফেলব।’ ক্রিকেটার মনিরুল ইসলাম বলেন, ‘আমরা এখানে সকাল ও বিকেলে ক্রিকেট অনুশীলন করি। কিন্তু মেলা শুরু হলেই আমাদের অনুশীলন বন্ধ হয়ে যায়।’জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান বলেন, ‘খুলনার একমাত্র মাঠটি মেলার কারণে ছয় মাস আটকে থাকে। বাকি ছয় মাস ধরে মাঠ ঠিক করার পর আবার মেলা শুরু হয়। মাঠটি খেলোয়াড়দের জন্য উন্মুক্ত রাখতে অনেক জায়গায় ধরনা দিয়েছি, কাজ হয়নি।’