মেলার প্যান্ডেল গুঁড়িয়ে দিয়েছে পৌর কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে মেলা শুরুর আগেই গতকাল সোমবার সন্ধ্যায় মাসব্যাপী তাঁত শিল্পবস্ত্র মেলার জন্য নির্মাণাধীন প্যান্ডেল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ফেনী পৌরসভা কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফেনীতে মাসব্যাপী তাঁত শিল্পবস্ত্র মেলা আয়োজনের জন্য কয়েক দিন ধরে ফেনী জেলা পরিষদের সামনে শহীদ জহির রায়হান মাঠে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্যান্ডেল নির্মাণকাজ শুরু হয়। ইতিমধ্যে প্যান্ডেলের কাজ প্রায় সমাপ্ত হওয়ার পথে ছিল।
নাম প্রকাশ না করে ফেনী জেলা পরিষদের একটি সূত্র জানায়, জনৈক নাজিম উদ্দিন বাংলাদেশ তাঁত শিল্পবস্ত্র সমিতি নামে একটি তাঁত বস্ত্রমেলা আয়োজনের জন্য জেলা পরিষদের কাছে মাঠের অনুমতি চান। এতে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সুপারিশ ছিল বলে জানা যায়।
ফেনী জেলা পরিষদ দৈনিক এক হাজার টাকা করে ৩০ দিনের জন্য ৩০ হাজার টাকার বিনিময়ে মেলার আয়োজনের সমঞ্চতি দেয়।
ফেনীর জেলা প্রশাসক এ মেলার অনুমতি দেন। গতকাল থেকে আগামী ৮ অক্টোবর পর্যন্ত এ মেলা চলার কথা ছিল। এদিকে গতকাল বিকেলে ফেনী পৌরসভা কর্তৃপক্ষ আকস্মিকভাবে প্রথমে মেলার ঘেরা দেওয়া টিনগুলো খুলে পৌর চত্বরে নিয়ে যায়। পরে সন্ধ্যায় পৌরসভার বুলডোজার দিয়ে মেলার প্যান্ডেলটি গুঁড়িয়ে দেয়।
ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী বলেন, সামনে জাতীয় নির্বাচন। মেলাকে কেন্দ্র করে হই-হট্টগোল বা যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য মেলা বন্ধ করে দেওয়া হয়েছে।