
মুখে একটি ফুল এঁকে দেব? শহীদ মিনার? বাবার হাত ধরে হাঁটছিল পাঁচ বছরের প্রেমা। দোয়েল চত্বর থেকে তাদের পিছু নেয় আলপনা আঁকিয়েরা। অবশেষে বাবার মন গলল। প্রেমার গালে আঁকা হলো একটা ফুল। মেলায় প্রবেশের দুপাশে নিত্যদিনের এ চিত্র গতকালও ছিল। মেলার বাইরে যেন আরেকটি মেলা।
গতকাল সোমবার ভিড় ছিল প্রচুর। আগের দিন রোববারের তুলনায় এদিন বেচাকেনাও ঢের বেড়েছে। তবে বাংলা একাডেমি প্রাঙ্গণের বাইরের মেলাটি একেবারেই বারোয়ারি মেলায় পরিণত হয়েছে। সেখানে নিম্নমানের ছাপার নকল ভারতীয় বই থেকে শুরু করে জুতা-স্যান্ডেল, বাজারের ব্যাগ, খুন্তি-বঁটির পসরা বসে গেছে। বই কিনতে এসে সাংসারিক কাজের জিনিসপত্রও কিনছেন অনেকে হাতের কাছে পেয়ে। সোহরাওয়ার্দী উদ্যানের মেলার প্রবেশ দরজা দিয়ে ঢুকে হাতের ডান পাশে তাকালে দেখা যাবে সারি সারি চটপটি, পুরি-পেঁয়াজুর দোকান।
অমর একুশে গ্রন্থমেলার প্রথম দুই দিন একাডেমি চত্বরের বাইরের এই অংশটি নিয়ন্ত্রণে ছিল। কিন্তু তার পর থেকে প্রতিদিন নিত্যনতুন দোকান বসছে। প্রথমে দেখা যায় আবৃত্তিকার শিমুল মোস্তফা ও মাহিদুল ইসলাম আলাদা দুটি স্টল বসিয়ে আবৃত্তির অ্যালবাম বিক্রি ও প্রচার শুরু করেন। পরদিন থেকে বসতে থাকে নকল ও নিম্নমানের বইসহ অন্যান্য দোকান। টিএসসি ও দোয়েল চত্বর মোড়ে এসব বারোয়ারি পণ্যের পসরা এমন করে বসেছে যে একটু লোকসমাগম বাড়লে প্রচণ্ড জটলা হচ্ছে এ দুই প্রবেশমুখে। নিরাপত্তাকর্মীরা আছেন বটে, তবে এসব অবাঞ্ছিত পসরা অপসারণে তাঁদের কোনো গরজ আছে বলে দৃশ্যমান হয়নি। পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন মেলাকে ঘিরে অবাঞ্ছিত ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের উপস্থিতির কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা নিয়মিতই অভিযান চালাই এবং এ অভিযান চলবে।’ প্রসঙ্গত, গতকাল মেলা প্রাঙ্গণ পরিদর্শনে যান পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।
মেলার ভেতরে অবশ্য ভিন্ন চিত্র। গতকাল প্রায় প্রতিটি স্টলে বিক্রেতাকে ব্যস্ত দেখা গেছে। ক্রেতাদের অনেকে ঘুরে-দেখে-শুনে ধারণা নিচ্ছেন নতুন বই সম্পর্কে।
পাঠকের চাহিদা বিচিত্র
একটা সময় ছিল, যখন শুধু গল্প, কবিতা আর উপন্যাসেই সীমাবদ্ধ ছিলেন পাঠকেরা। কিন্তু এখন পাঠকের চাহিদা বিচিত্র হয়েছে। উপন্যাস কিংবা কবিতার পাশাপাশি গবেষণা, ইতিহাস, প্রবন্ধ এমনকি গানের বইয়েরও চাহিদা তৈরি হয়েছে বলে জানালেন উৎস প্রকাশনের প্রধান নির্বাহী মুস্তাফা সেলিম। তিনি বলেন, দিনে দিনে পাঠকদের চাহিদা ও প্রকারের বিস্তৃতি ঘটছে। অনেকে এখন গবেষণা ও ইতিহাসনির্ভর রচনার দিকে ঝুঁকছেন। তিনি জানান, উৎস প্রকাশন থেকে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে বিলুপ্ত নাগরী লিপির ২৫টি গুরুত্বপূর্ণ গ্রন্থের নাগরী গ্রন্থসম্ভার। ধারাবাহিক এই গ্রন্থে নাগরী লিপি ও সাহিত্য সম্পর্কে বিস্তারিত ভূমিকা উপস্থাপন করা হয়েছে। মেলায় প্রথমা প্রকাশন এনেছে মুহাম্মদ হাবিবুর রহমানের বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপঞ্জি ১৯৭১-২০১১ বইটি। ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে পরবর্তী চার দশকের উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনাপঞ্জি সংকলিত হয়েছে এ বইয়ে। যাঁরা সমকালীন রাজনীতি সম্পর্কে আগ্রহী বা তা নিয়ে চর্চা করেন এবং যাঁরা ইতিহাসের গতিপথ অনুসরণ করতে চান, সবারই প্রয়োজন মেটাবে এ বই।
পাঁচ শ শিশু-কিশোরকে সঙ্গে নিয়ে
গতকাল মেলায় নতুন বই এসেছে ৭৭টি এবং ১৭টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মেলায় ২৫টি গল্প নিয়ে প্রকাশিত হলো শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের শিশুকিশোর সিরিজ গ্রন্থ ছোটকাকু’র কোয়ার্টার সেঞ্চুরি সংকলনগ্রন্থ। গ্রন্থমেলার পাশে শিশু একাডেমি প্রাঙ্গণে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ শামসুল হক। বক্তব্য দেন ফরিদুর রেজা সাগর, প্রকাশক মাজহারুল ইসলাম, আফজাল হোসেন প্রমুখ। পাঁচ শ শিশু-কিশোরকে সঙ্গে নিয়ে বইটির মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা।
বিকেলে গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘অজিত কুমার গুহ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন হায়াৎ মামুদ। আলোচনায় অংশ নেন রামেন্দু মজুমদার, আবেদ খান ও মাহবুব তালুকদার। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেন হাসান আরিফ ও রেজিনা ওয়ালী। এ ছাড়া সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রেবেকা সুলতানা, মাহমুদ সেলিম, অনুপ ভট্টাচার্য, আজাদ হাফিজ, সন্দীপন দাস, বিজন চন্দ্র মিস্ত্রী, শ্যামা সরকার ও শাহীনা আক্তার।
মেলায় অনন্যা এনেছে আসমা আব্বাসীর ভ্রমর কইও গিয়া, ন্যাশনাল পাবলিকেশন্স এনেছে বুলবুল চৌধুরীর অতলের কথকতা, ঐতিহ্য এনেছে আবদুল মান্নান স্বপনের গালি অভিধান, চারুলিপি এনেছে হায়াৎ মামুদের জাদুঘরের ভেঁপু ও মৎস্যকন্যা, মহাকাল এনেছে আহমদ শরীফের অপ্রকাশিত রাজনৈতিক ও অন্যান্য রচনা: রাজনৈতিক সংকট, উৎস প্রকাশন এনেছে মুন্সী সাদেক আলীর নাগরী লিপি সাহিত্য কেতাব হালতুন্নবী ইত্যাদি।