মেলার মেয়াদ বাড়ছে না

প্রকাশকেরা সংবাদ সম্মেলন করে এবারের অমর একুশের গ্রন্থমেলার মেয়াদ এক সপ্তাহ বাড়ানোর দাবি করেছেন। সেই সঙ্গে বলেছেন, বেচাকেনার মন্দায় লোকসান হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে স্টল ও প্যাভিলিয়ন ভাড়া ফেরত দিতে হবে।
প্রকাশকদের এসব দাবি ‘একেবারেই অমানবিক’ বলে সোজাসাপটা নাকচ করে দিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক।
গতকাল বৃহস্পতিবার মেলার ফটক খোলে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে বেলা দুইটায়। লোক সমাগমও ছিল প্রচুর। আজ শুক্র ও কাল শনিবার মেলা শুরু হবে বেলা ১১টা থেকে, চলবে রাত নয়টা পর্যন্ত।

প্রকাশকদের সাত দফা: বিকেলে উদ্যান অংশে সংবাদ সম্মেলনের আয়োজন করে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। সূচনা বক্তব্য দেন মহিউদ্দিন আহমদ। সমিতির সভাপতি ওসমান গনি লিখিত বক্তব্যে বলেন, রাজনৈতিক অস্থিরতা ও সহিংস পরিস্থিতির কারণে এবার মেলায় বিক্রি খুবই কমেছে। প্রকাশকেরা লোকসানে পড়েছেন। এই পরিস্থিতিতে তাঁরা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যেমন সময় বাড়ানো হয়েছিল, তেমনি গ্রন্থমেলারও সময় বাড়ানোর দাবি করেন। এ ছাড়া তাঁদের দাবির মধ্যে ছিল মেলাকে দুই ভাগ না করে এক জায়গায় নিয়ে আসা এবং বাংলা একাডেমির তত্ত্বাবধান থেকে মেলাকে প্রকাশকদের ওপর ছেড়ে দেওয়া। প্রকাশকেরা আগামী বছর থেকে নিজ খরচেই মেলা করতে চেয়েছেন। অন্যদের জন্য ২৫ শতাংশ কমিশন নির্ধারিত হলেও একাডেমি নিজেই নীতিমালা ভেঙে ৩০ থেকে ৭০ শতাংশ কমিশনে বই বিক্র করায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। প্রকাশকদের পক্ষে মফিদুল হক, আলমগীর রহমান, মিলন কান্তি নাথ, ফরিদ আহমেদ ও লেখকদের পক্ষে মোনায়েম সরকার বক্তব্য দেন। সঞ্চালনা করেন মাজহারুল ইসলাম।
মহাপরিচালকের বক্তব্য: একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান প্রথম আলোকে বলেছেন, ‘এই দাবি অমানবিক ও নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই নয়। একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা মেলার জন্য গত এক মাস থেকে রাত-দিন অমানুষিক পরিশ্রম করে যাচ্ছেন। এরপর আরও এক সপ্তাহ সময় বাড়ানোর প্রশ্নই আসে না। পৃথিবীর কোথাও এত দীর্ঘ সময় ধরে বইমেলা হয় না।’ ক্ষতিপূরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যবসা হয়নি প্রকাশকদের এই দাবি সত্য নয়।’ উদহরণ হিসেবে তিনি বলেন, ‘গত বছর একাডেমির বই বিক্রি হয়েছিল এক কোটি ১৮ লাখ টাকার, এবার ২৫ দিনে বিক্রি হয়েছে এক কোটি ৩০ লাখ টাকা।’ কমিশন বেশি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘২০০০ সালের আগে যে বই প্রকাশিত হয়েছে, ১৫ বছরের পুরাতন সেই বই ৭০ ভাগ কমিশনে বিক্রি করা হয়েছে। কাজেই মেলায় বেশ ভালো বিক্রি হয়েছে।’
সিটি আনন্দ সাহিত্য পুরস্কার: গতকাল মেলায় ২০১৫ সালের সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়। ‘ক’ শাখায় প্রবন্ধে রাষ্ট্রধর্ম ও সংস্কৃতি গ্রন্থের জন্য শামসুজ্জামান খান, সাড়ে তিন হাত ভূমি উপন্যাসের জন্য ইমদাদুল হক মিলন, শিশু সাহিত্যে যৌথভাবে হিমালয়ে রিবিট-এর জন্য মোশতাক আহমেদ ও হাওয়া আর রোদের ছড়ার জন্য আলম তালুকদার এবং বায়োডাটা কাব্যগ্রন্থের জন্য রেজাউদ্দিন স্টালিন পুরস্কার পেয়েছেন। ‘খ’ শাখায় জীবনের প্রথম বই-এর জন্য পুরস্কার পেয়েছেন মাহবুব আজীজ, কুসুম সিকদার ও গালিব রহমান।

প্রথমায়: আনিসুজ্জামানের স্মৃতিকথা বিপুলা পৃথিবী প্রথমার স্টলে কাল বেশি চলেছে। বিক্রেতারা জানালেন, সৃজনশীল প্রশ্নপদ্ধতি: ভালো করার নিয়মকানুন, মহিউদ্দিন আহমদের জাসদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতি বইগুলো ভালো বিক্রি হয়েছে।
নতুন বই: গতকাল নতুন বই এসেছে ১৩৪টি। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে ছিল অ্যার্ডন থেকে এসেছে অধ্যাপক সালাহ্উদ্দীন আহ্মদ-এর স্মৃতিকথা ফিরে দেখা। পাঠক সমাবেশ থেকে কাজল শাহনেওয়াজের কবিতা একটা পুরুষ পেঁপে গাছের প্রস্তাব, দন্ত্যস রওশনের অনুকাব্য রং সাইড, একুশে বাংলা থেকে ড. সৈয়দ আনোয়ার হোসেনের প্রবন্ধ বঙ্গবন্ধু ও আজকের বাংলা দেশ, ফেয়ার পাবলিকেশন থেকে খোন্দকার ইব্রাহিম খালেদের প্রবন্ধ ফিরতে হবে মুক্তিযুদ্ধের বাংলাদেশে।