মেলায় একুশের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড ১৯৫০ ​মতিউর রহমান
খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড ১৯৫০ ​মতিউর রহমান

মাতৃভাষার জন্য বুকের উষ্ণ রক্ত ঢেলে দেওয়ার মাহেন্দ্রক্ষণ সমাগত। মাঝে বাকি আর দুদিন। কেন্দ্রীয় শহীদ মিনারের দিকটায় চলছে শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি সুসম্পন্ন করার কর্মব্যস্ততা। আর এদিকে বাংলা একাডেমির প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলায় নিত্যনতুন বইয়ের প্রকাশ, মোড়ক উন্মোচন ও বেচাকেনা চলছে পুরোদমে। অমর একুশের আমেজ বিরাজ করছে পুরো এলাকায়।
গতকাল বুধবার মেলায় দেখা গেল কর্মদিবস হওয়া সত্ত্বেও গ্রন্থানুরাগী ক্রেতা-দর্শকদের সমাগম প্রচুর। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকায় শুরু থেকেই মেলায় এবার লোকসমাগম ও বেচাকেনায় আগের বছরের তুলনায় যে ইতিবাচকতা দেখা গিয়েছিল, তার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তবে বইয়ের মান নিয়ে প্রকাশকদের মধ্যেও প্রশ্ন আছে। মানসম্মত বইয়ের সংখ্যা অল্পই। অ্যাডর্ন পাবলিকেশনসের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন বললেন, উদ্যানে পরিসর বাড়ায় মেলা পূর্ণাঙ্গতা লাভ করেছে। আগে জায়গার স্বল্পতার কারণে ক্রেতারা বাড়ি থেকে তালিকা নিয়ে আসতেন। স্টলের বিক্রেতার হাতে তালিকা ধরিয়ে দিয়ে সেই বইগুলো নিয়ে যেতেন। এখন তাঁরা বই খুলে মেলে দেখছেন। সূচিপত্র, ভূমিকা বা ভেতরের দু-এক পাতায় নজর বুলিয়ে পছন্দ হলে সেই বইটি কিনছেন। এটি গুরুত্বপূর্ণ দিক। পাঠকেরা নিজেরাই ভালো বই চিনতে শুরু করেছেন। এখন প্রকাশকদের দায়িত্ব হচ্ছে যেনতেন পাণ্ডুলিপি দুই মলাটবন্দী করে ছাপিয়ে মেলায় না আনা। যথাযথ সম্পাদনা করে পাণ্ডুলিপিকে বইয়ে রূপান্তরিত করতে হবে।

জীবনানন্দ দাশ আমরা চারজন মূলানুগ পাঠ সম্পাদনা: ভূমেন্দ্র গুহ
জীবনানন্দ দাশ আমরা চারজন মূলানুগ পাঠ সম্পাদনা: ভূমেন্দ্র গুহ


একই অভিমত দিলেন কবি আসাদ চৌধুরী এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক গবেষণা কর্মকর্তা ও কবি মাহাবুব বারীও। তাঁরা বললেন, পাণ্ডুলিপির সম্পাদনা তো হচ্ছেই না, উপরন্তু বানান সংশোধনীও হচ্ছে না। এমনকি অনেক খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত গুরুত্বপূর্ণ অনেক বইতেই প্রচুর মুদ্রণ প্রমাদ ও ভুল বানান থেকে যাচ্ছে। ফলে মেলার আকার-আয়তন যতই বাড়ুক আর বইয়ের ছাপা, বাঁধাই, কাগজের মান যতই উন্নত হোক, সার্বিক বিচারে প্রকাশনার মান যে উন্নত হচ্ছে তা বলা যায় না। আসাদ চৌধুরী জানালেন, গতকালই তাঁর নতুন কবিতার বই বিকলাঙ্গ দীর্ঘশ্বাসগুলো এসেছে বটেশ্বর বর্ণন থেকে।

মোজাফ্‌ফরনামা নবাব আ​লিবর্দি খান থেকে নবাব সিরাজ–উদ–দৌলা করম আ​িল খান ফারসি থেকে অনুবাদ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া
মোজাফ্‌ফরনামা নবাব আ​লিবর্দি খান থেকে নবাব সিরাজ–উদ–দৌলা করম আ​িল খান ফারসি থেকে অনুবাদ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া

প্রথমা প্রকাশনের স্টলে গতকাল কোনো নতুন বই আসেনি। বিক্রয় প্রতিনিধিরা জানালেন, আগের দিন আসা মহিউদ্দিন আহমদের রাজনৈতিক প্রবন্ধ বিএনপি সময়-অসময় বইটি ভালো চলছে। এ ছাড়া উপন্যাসের মধ্যে আনিসুল হকের জেনারেল ও নারীরা, সৈয়দ আবুল মকসুদের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে উচ্চশিক্ষা, আমীন আহম্মেদ চৌধুরীর ১৯৭১ ও আমার সামরিক জীবন, আগে প্রকাশিত বইয়ের মধ্যে মুহাম্মদ হাবিবুর রহমানের নাগরিকদের জানা ভালো বইগুলোর বিক্রি অনেক।
বাংলা একাডেমির তথ্যকেন্দ্রের তালিকা অনুসারে গতকাল মেলায় নতুন বই এসেছে ১৪০টি। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে কয়েকটি হলো অনুপম থেকে ড. মাহবুবুল হকের প্রবন্ধ ভাষার লড়াই থেকে মুক্তিযুদ্ধ, বিভাস থেকে শিব প্রসন্ন লাহিড়ীর বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ, নবযুগ থেকে ড. আর এম দেবনাথের বঙ্গদেশে ধর্মীয় সমাজ, অনন্যা থেকে হাসান হাফিজের কবিতার বই অভিমান মৃত্যু পাথর, কবিতা চর্চা থেকে বদরুল হায়দারের ভালোবাসার হাইকু, মাতৃভাষা প্রকাশন থেকে নাসির আহমেদের শিশুতোষগ্রন্থ মেঘের দেশে তারার দেশে, বটেশ্বর বর্ণন থেকে আলী হাবিবের রম্য দুঃখরঙ্গ, অ্যাডর্ন থেকে মোস্তাক শরীফের উপন্যাস ছায়ামানুষ, সাদত আর মাহমুদের চিতার আগুন, অনন্যা থেকে সজল আশফাকের স্বাস্থ্যবিষয়ক সুস্বাস্থ্যের সাতসতেরো, অমর প্রকাশনী থেকে এসেছে অমর সাহার মুক্তিযুদ্ধবিষয়ক নাটক ভাগীরথী।

মেঘনার জন্য লেখা ফরিদুর রেজা সাগর
মেঘনার জন্য লেখা ফরিদুর রেজা সাগর


এদিকে মেলা মঞ্চের অনুষ্ঠানও চলছে যথারীতি। গতকাল ছিল শওকত ওসমান জন্মশতবার্ষিকী-বিষয়ক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন শান্তনু কায়সার। আলোচনা করেন মঈনুল আহসান সাবের, জাকির তালুকদার, নুরুল করিম ও জয়দুল হোসেন। সভাপতিত্ব করেন সেলিনা হোসেন। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।